• ঢাকা
  • সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জেলেদের চাল বিতরণে বিএনপি নেতার হস্তক্ষেপ


শরীয়তপুর প্রতিনিধি অক্টোবর ১২, ২০২৬, ০৩:৪৯ পিএম
জেলেদের চাল বিতরণে বিএনপি নেতার হস্তক্ষেপ

ছবি : প্রতিনিধি

শরীয়তপুর: সরকারি কর্মকর্তা কিংবা ইউপি সদস্য না হলেও জেলেদের চাল বিতরণ করছেন থানা সেচ্ছাসেবক দল নেতা ইমরান হোসেন বাবু বকাউল। তার বিরুদ্ধে জেলে কার্ড না থাকা ব্যক্তিদের চাল নেওয়ার স্লিপ দেওয়া এবং নির্ধারিত ২৫ কেজির পরিবর্তে চাল কম দেওয়ার অভিযোগ করেছেন প্রকৃত জেলেরা।

রোববার (১১ অক্টোবর) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়ন পরিষদে জেলেদের চাল বিতরণে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ইমরান হোসেন বাবু বকাউল সখিপুর থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

উপজেলা মৎস্য অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মা ইলিশসহ সব ধরনের মাছের প্রজনন সুরক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীর অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা দিতে নিবন্ধিত প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। চরভাগা ইউনিয়নে এ কর্মসূচির আওতায় ১ হাজার ৬৭৮ জন জেলের জন্য চাল বরাদ্দ রয়েছে।

রোববার দুপুরে চরভাগা ইউনিয়ন পরিষদে সরেজমিনে গিয়ে দেখা যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ মেম্বারদের পরিষদে বসিয়ে রেখে কয়েকজন নেতাকর্মীকে সাথে নিয়ে নিজে উপস্থিত থেকে জোরপূর্বক চাল বিতরণ করছেন সেচ্ছাসেবক দল নেতা ইমরান হোসেন বাবু বকাউল। নিজের ইচ্ছে মতো কোনধরনের মাষ্টার রোল না মেলে জেলে কার্ড না থাকা কয়েকজন ব্যক্তিকে চাল নেওয়ার স্লিপ দিয়ে চাল বিতরণ করছেন। তবে সরকারি বরাদ্দ অনুযায়ী চাল পাওয়ার কথা নিবন্ধিত জেলেদের। এ অবস্থায় জেলে কার্ড না থাকা ব্যক্তিদের কীভাবে চাল নেওয়ার স্লিপ দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্বজনপ্রীতি ও অনিয়মের কারণে প্রকৃত জেলেরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের দাবি, কোথাও কোথাও নির্ধারিত ২৫ কেজির পরিবর্তে কম চাল দেওয়া হচ্ছে। এতে সরকারি সহায়তা বণ্টনের স্বচ্ছতা নিয়ে তাঁদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তবে কতজন জেলে কম চাল পেয়েছেন কিংবা নির্ধারিত পরিমাণের চেয়ে মোট কত কেজি চাল কম দেওয়া হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এদিকে ওজন কম দেওয়া, স্লিপে চাল বিতরণ সহ একাধিক অভিযোগে প্রায় এক ঘন্টা চাল বিতরণ বন্ধ রাখে উপজেলা প্রশাসন। পরে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ইমরানের সহযোগিতায় পুনরায় বিতরণ শুরু হয়।

চরভাগা বাঁশতলা এলাকার জেলে সুমন মিয়া বলেন, সকাল থেকে কার্ড নিয়ে লাইনে দাড়িয়ে আছি এখনো চাল পাইনি। কিন্তু তাঁরা জেলেও নয় এবং তাদের কার্ডও নেই তাও তাদের নাম ধরে ডেকে ডেকে চাল দেওয়া হচ্ছে। আমরা গরীব মানুষ তাই প্রতিবাদ করতে পারি না। কিছু বললে চাল দিবে না বলে হুমকি ধামকি দেয় বাবু বকাউল।

চরভাগা এলাকায় জেলে রিয়াদ মিয়া বলেন, সরকার আমাদের চাল দিছে ২৫ কেজি করে কিন্তু আমরা পেলাম ২৩ কেজি। আমি অবাক হয়েছি, প্রতিবার আমাগো চেয়ারম্যান মেম্বার চাল দেয়। এইবার দেখলাম বিএনপি নেতারা চাল দেয়। কি বলবো বলেন? ওনারা মনে হয় পরিষদ দখল করে নিয়েছে। কাউকে পরিষদে আসতে দেয় না। আমরা ভয়ে কিছু বলি না, সকাল থেকে অনেকেই লাইনে দাড়িয়ে আছে তাদের বৈধ কার্ড আছে তাও চাল পাচ্ছে না। যাদের স্লিপ আছে তাদের আগে দিচ্ছে। শুনলাম বাবু বকাউল এই স্লিপ দিছে তাদের।

এ বিষয়ে জানতে চাইলে সেচ্ছাসেবক দল নেতা ইমরান হোসেন বাবু বলেন, স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ আমাকে দেখভাল করার জন্য এখানে পাঠিয়েছে। কেউ অনিয়ম করছে কি না এটা আমি তদারকি করছি। কার্ড ছাড়া স্লিপে চাল বিতরণ করছেন কেনো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি রাজনীতি করি সামনে নির্বাচন তাই ভোটারদের আকৃষ্ট করতে অনেক কিছুই করতে হয়। অনিয়ম দুর্নীতি হলে সরকারি কর্মকর্তা অথবা চেয়ারম্যান ও মেম্বার আছে তাঁরা দেখবে আপনি এখানে কেনো? এমন প্রশ্নের জবাব না দিয়ে তিনি ওই স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে চরভাগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম মল্লিক বলেন, জেলেদের চাল বিতরণ কাগজে কলমে আমাদের দায়িত্ব হলেও এখন আমরা পরিষদে যেতে পারিনা। স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি আছে তারাই এখন চাল বিতরণ করে। দুপুরে শুনলাম কার্ড ছাড়াই স্লিপে চাল বিতরণ হচ্ছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার জানতে পেরে ঘন্টা খানেক বিতরণ বন্ধ রেখেছে। পরে মৎস অফিসার এসে চাল বিতরণ করছেন।

চাল বিতরণে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে থাকা ভেদরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রিপন মিয়া বলেন, গতকাল থেকে সুন্দরভাবে চাল বিতরণ হচ্ছিল। আজ দুপুরে কিছুটা অনিয়মের কারণে মৎস কর্মকর্তা আমাকে ফোন দিয়ে চাল বিতরণ বন্ধ রাখতে বলেছেন তাই আপাতত বিতরণ বন্ধ রয়েছে। মৎস অফিসার আসলে পুনরায় বিতরণ শুরু হবে।

ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ইমরান বলেন, দুপুরে হঠাৎ করে উপজেলা নির্বাহী অফিসার আমাকে জানালেন চরভাগা ইউনিয়নে জেলেদের চাল বিতরণ অনিয়ম হচ্ছে। আমি জানতে পেরে ট্যাগ অফিসারকে ফোন করে চাল বিতরণ বন্ধ রাখতে বলেছি। পরে আমি এসে কার্ড দেখে পুনরায় বিতরণ শুরু করি। যাদের জেলে কার্ড নেই, তারা চাল পাবে না।

এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সিদ্দিক বলেন, দুপুরে স্থানীয় কয়েকজন জেলে আমাকে জানান কার্ড ছাড়াই স্লিপের মাধ্যমে চাল বিতরণ হচ্ছে। বিষয়টি জানতে পেরে মৎস্য কর্মকর্তাকে দ্রুত সেখানে পাঠানো হয়েছে। পরবর্তীতে ট্যাগ অফিসার ও মৎস অফিসার নিজে থেকে জেলেদের চাল বিতরণ করছে। জেলেদের চাল বিতরণে অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

পিএস

Link copied!