ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক গলফ অঙ্গনে বাংলাদেশের জন্য খুলে যাচ্ছে এক নতুন দিগন্ত। মর্যাদাপূর্ণ ‘প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া’ (পিজিটিআই)-এর কোয়ালিফাইং টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ প্রফেশনাল গলফারস এসোসিয়েশনের (বিপিজিএ) ৮ জন পেশাদার গলফার।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবেন দেশের প্রখ্যাত গলফার মোহাম্মদ সিদ্দিকুর রহমান। তাঁর সঙ্গে বিপিজিএ-এর অন্য সাত প্রতিভাবান গলফার হলেন-মো. সায়েম, মোহাম্মদ রাসেল, মো. সোলাইমান, মো. মুয়াজ, মো. রাজু, সম্রাট সিকদার এবং আফসান আনিস।
বিপিজিএ-এর বর্তমান কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুছের সুসংগঠিত নেতৃত্ব এবং এক্সিকিউটিভ কমিটির (ইসি বোর্ড) সার্বিক দিকনির্দেশনায় খেলোয়াড়দের জন্য এই আন্তর্জাতিক যাত্রার পথ উন্মুক্ত হয়েছে। দেশের পেশাদার গলফারদের মানোন্নয়ন এবং বিশ্বমঞ্চে তাঁদের সুযোগ তৈরির অংশ হিসেবে বিপিজিএ খেলোয়াড়বান্ধব বিভিন্ন দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করেছে।
সংগঠনটির প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুছ মনে করেন, পিজিটিআই কোয়ালিফাইংয়ে বাংলাদেশী গলফারদের এই অংশগ্রহণ দেশের গলফ অঙ্গনের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি আশা প্রকাশ করেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের পেশাদার গলফ বহুদূর এগিয়ে যাবে এবং দেশের জন্য গৌরব বয়ে আনবে।
খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে মানোন্নয়ন ও সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বিপিজিএ-এর।
এসএইচ







































