ছবি : সংগৃহীত
ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন লিটন দাস। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৮ রান করেই এই কীর্তি গড়েন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার।
তার টানা দ্বিতীয় অর্ধশতকে ভর করে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লিডও ছাড়িয়েছে ৪০০ রান। ম্যাচটি খেলতে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেটে লিটনের রান ছিল ৮ হাজার ৯২৯।
প্রথম ইনিংসে ৫৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে মাইলফলক থেকে ১৮ রান দূরে ছিলেন তিনি। আগের দিন ৫ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনে ব্যাট করতে নামেন লিটন।
দিনের শুরুতেই জিয়া উর রহমানের করা ৭৬তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে ৯ হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন লিটন।
তার আগে এই কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।
পিএস







































