• ঢাকা
  • সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরিশালে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, আটক ২


বরিশাল প্রতিনিধি অক্টোবর ১২, ২০২৬, ০৫:২০ পিএম
বরিশালে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, আটক ২

ছবি : প্রতিনিধি

বরিশাল: বরিশালের বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনের শিকার হয়ে ঐশী আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী সোহেল খান (২৮) ও স্বামীর ছোট ভাই তানভীর খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ঐশীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, কয়েক দিন আগে স্বামীর মারধরের কারণে গুরুতর আহত হয়েছিলেন তিনি।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের দাবি, পারিবারিক বিরোধের জেরে ঘটনার চার দিন আগে সোহেল খান তাঁর স্ত্রী ঐশীকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। এ সময় তাঁকে মারধর করা হলে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে বলে অভিযোগ করা হয়েছে।

সোমবার সকালে ঐশীর শারীরিক অবস্থার অবনতি হলে তিনি স্বামীর বাড়িতে অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাঁকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে মনিরুল ইসলাম জানান, মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণের কারণে ঐশীর মৃত্যু হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্নও পাওয়া গেছে।

নিহত ঐশী আক্তার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর সাধুকাঠী গ্রামের শাহে আলমের মেয়ে। তাঁর স্বামী সোহেল খান একই উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাদের খানের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি।

বরিশাল বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সোহেল খান ও তাঁর ছোট ভাই তানভীর খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ওসি আরও জানান, নিহতের চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত প্রয়োজন।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যেতে পারে।

পিএস

Link copied!