ছবি : প্রতিনিধি
ঝিনাইদহ: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে দুর্নীতি বন্ধ করতে হলে সবার আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে। রাজনৈতিক নেতৃত্ব দুর্নীতিমুক্ত না হলে দুর্নীতি বন্ধের উদ্যোগ ব্যর্থ হবে।
বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, দুর্নীতি বন্ধ করার প্রথম শর্ত হলো, যারা আমরা বলছি দুর্নীতি বন্ধ করতে হবে, সেই রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দের আগে দুর্নীতিমুক্ত হতে হবে। অন্যথায় আমরা ব্যর্থ হব।
মতবিনিময় সভায় শিক্ষকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সামলানো শিক্ষকদের জন্য দিন দিন কঠিন হয়ে উঠছে। এই প্রজন্মের অনেকেই মাদকের দিকে ঝুঁকছে। তাদের মাদকের পথ থেকে ফিরিয়ে আনতে হবে। এ জন্য শিক্ষার্থীদের নিয়ে নতুন করে ভাবার পাশাপাশি শিক্ষকদের যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।
নিয়োগে আর্থিক লেনদেনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, নিয়োগের ক্ষেত্রে টাকা-পয়সার লেনদেন হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
পিএস







































