ছবি : প্রতিনিধি
পাবনা ও ঈশ্বরদী: সেনাবাহিনীর তত্ত্বাবধানে কড়া নিরাপত্তায় রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের আরেকটি চালান।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০ টার পরপরই ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর ৫টার দিকে রওনা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী গাড়ির বহর।
সেনাবাহিনী ছাড়াও নিরাপত্তায় ছিল এসআরবি, পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুরো সড়কপথ জুড়েই ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, এসআরবি, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছিল।
এর আগে, মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো বিমান। এ সময় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি বুঝে নেন।
এ নিয়ে এ বছর ইউরেনিয়ামের তিনটি চালান রূপপুরে পৌঁছালো। এর মধ্যে গত ৩ ও ১১ অক্টোবর প্রথম ইউনিটের ইউরেনিয়ামের চালান রূপপুরে পৌঁছায়। আজ আসলো দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম।
পিএস







































