• ঢাকা
  • শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় শহরের কাছে নির্মাণের দাবিতে মানববন্ধন


শরীয়তপুর প্রতিনিধি অক্টোবর ২৪, ২০২৬, ১২:৪৭ পিএম
শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় শহরের কাছে নির্মাণের দাবিতে মানববন্ধন

ছবি: প্রতিনিধি

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছাকাছি পূর্বনির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন জেলার সর্বস্তরের মানুষ। শুক্রবার বিকেলে ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় ‘শরীয়তপুর জেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে শরীয়তপুর সদর ও নড়িয়াসহ বিভিন্ন উপজেলার সাধারণ মানুষ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ২০২৩ সালে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাস হওয়ার পর সদর উপজেলার ডোমসার ও নড়িয়া উপজেলার নশাসন এলাকাকে বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনায় রাখা হয়েছিল। তবে সম্প্রতি উপাচার্য নিয়োগের পর ওই স্থানগুলো বাদ দিয়ে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করা হয়েছে। এতে জেলার অন্য উপজেলাগুলোর শিক্ষার্থীদের যাতায়াত ও আবাসন নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপনের স্থান নির্ধারণের ক্ষেত্রে জেলার সব উপজেলার মানুষের যাতায়াত, শিক্ষার সুযোগ এবং নাগরিক সুবিধার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

জেলা শহরের কাছাকাছি ঢাকা-শরীয়তপুর মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করা হলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং চিকিৎসা বা টিউশনসহ অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়া নিশ্চিত হবে।

কর্মসূচিতে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুর রহমান, স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন ও স্থানীয় বাসিন্দা ইমরান আল নাজির। বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়টি পুরো জেলার একটি সম্পদ।

তাই কেবল একটি নির্দিষ্ট এলাকার কথা চিন্তা না করে পুরো জেলার সামগ্রিক স্বার্থ ও শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বিবেচনা করে পূর্বনির্ধারিত স্থানগুলো পুনর্বিবেচনা করার জোরাল দাবি জানান তারা।

এসএইচ 

Link copied!