• ঢাকা
  • শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সৌদিগামী ১৪১টি ফ্লাইট বাতিল, চরম অনিশ্চয়তায় প্রায় ২২ হাজার যাত্রী


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৪, ২০২৬, ১২:৪০ পিএম
সৌদিগামী ১৪১টি ফ্লাইট বাতিল, চরম অনিশ্চয়তায় প্রায় ২২ হাজার যাত্রী

ফাইল ছবি

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৪১টি ফ্লাইট বাতিল হওয়ায় চরম বিপাকে পড়েছেন ২১ হাজার ৯৩৩ জন প্রবাসী যাত্রী। মধ্যপ্রাচ্যের উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ফ্লাইটগুলো বাতিল করতে বাধ্য হয় সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর রাত পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৬টি ছিল সরাসরি এবং ৭৫টি ছিল ট্রানজিট ফ্লাইট।

সরাসরি চলাচলকারী বাতিলের তালিকায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট।

অন্যদিকে, ঢাকা থেকে যাত্রী নিয়ে বিভিন্ন দেশে ট্রানজিট হয়ে সৌদি যাওয়ার কথা ছিল ৭৫টি ফ্লাইটের। তবে মূল গন্তব্যে অনিশ্চয়তার কারণে ঢাকা থেকেই যাত্রী বহন বন্ধ রাখে ট্রানজিট এয়ারলাইন্সগুলো। এর মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।

সম্প্রতি দফায় দফায় হামলার মুখে রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় এবং দাম্মামেও হামলা চালানো হয়। নিরাপত্তা ঝুঁকিমুক্ত না হওয়ায় ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে ফ্লাইট স্থগিত রাখে বিমান বাংলাদেশ এবং ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল ঘোষণা করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। হঠাৎ এত বিশাল সংখ্যক ফ্লাইট বাতিলের ফলে কর্মস্থলে ফেরা নিয়ে ঘোর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন হাজার হাজার প্রবাসী যাত্রী।

এসএইচ 

Link copied!