• ঢাকা
  • শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সৌদি আরবে আগুনে নিহত ৫ জনের মরদেহ পৌঁছাল নওগাঁয়


নওগাঁ প্রতিনিধি অক্টোবর ৩১, ২০২৬, ০৮:১৯ পিএম
সৌদি আরবে আগুনে নিহত ৫ জনের মরদেহ পৌঁছাল নওগাঁয়

ছবি: প্রতিনিধি

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাকি পাঁচ প্রবাসীর মরদেহ নওগাঁয় তাঁদের নিজ নিজ গ্রামে পৌঁছেছে। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে বিকেলে মরদেহগুলো স্বজনদের কাছে পৌঁছায়। এর আগে সকাল সাড়ে আটটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো সৌদি আরব থেকে দেশে আনা হয়।

মরদেহ গ্রামে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। প্রিয় মানুষকে শেষবারের মতো এক নজর দেখতে লাশবাহী গাড়ির চারপাশে ভিড় করেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি প্রবাসী মারা যান। এর মধ্যে ১২ জনেরই বাড়ি নওগাঁ জেলায়। প্রথম দফায় গত ২৭ আগস্ট ৯ জনের মরদেহ দেশে আনা হয়। এরপর বাকি ৭ জনের মরদেহ সনাক্ত শেষে দেশে পৌঁছাল, যার মধ্যে পাঁচজনের বাড়ি নওগাঁয়। এই পাঁচজনের চারজন আত্রাই উপজেলার এবং একজন নওগাঁ সদর উপজেলার বাসিন্দা।

গত ২৯ অক্টোবর রিয়াদের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিয়াদের সোফা কারখানার অগ্নিকাণ্ডে নিহত বাকি ৭ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৬ নম্বর ফ্লাইটে শনিবার সকালে মরদেহগুলো ঢাকায় পৌঁছায়।

শনাক্ত হওয়া নওগাঁর পাঁচ প্রবাসী হলেন নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের সাগর আলী।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সম্পূর্ণ সরকারি খরচে মরদেহগুলো স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

এসএইচ 

Link copied!