• ঢাকা
  • শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অপপ্রচারের অভিযোগে পাবনা স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে জিডি


পাবনা প্রতিনিধি অক্টোবর ৩১, ২০২৬, ০৭:০৫ পিএম
অপপ্রচারের অভিযোগে পাবনা স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে জিডি

ছবি: প্রতিনিধি

পাবনা জজ কোর্টের সরকারি কৌঁসুলি (জিপি) ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মো. আরশেদ আলমের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুজানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন শেখের বিরুদ্ধে পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অ্যাডভোকেট আরশেদ আলম।

লিখিত বক্তব্যে তিনি জানান, সুজানগরের ভবানীপুর মৌজার একটি জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি বাটোয়ারা মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলার একটি অংশ উপযুক্ত মূল্য দিয়ে তিনি ক্রয় করার পর মামলার পক্ষভুক্ত হন। মামলাটি প্রত্যাহার করার জন্য স্বেচ্ছাসেবক দল নেতা জাকির হোসেন শেখ অন্যান্য বাদীর ওপর চাপ সৃষ্টি করে আসছেন বলে অভিযোগ করেন তিনি। ব্যর্থ হয়ে ক্ষুব্ধ হয়ে গত ৩০ অক্টোবর জাকির হোসেন তার ফেসবুক আইডি থেকে আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ করেন, যা তার সামাজিক মর্যাদা ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করেছে। এ ঘটনায় তিনি গত ৩০ অক্টোবর পাবনা সদর থানায় একটি জিডি করেছেন।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আরশেদ আলম বলেন, তিনি ১৯৮৩ সাল থেকে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত আছেন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পাবনা জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। বিচারাধীন একটি বিষয় নিয়ে তার বিরুদ্ধে এমন অপপ্রচার চালিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত সুজানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন শেখ বলেন, দীর্ঘদিনের জমি সংক্রান্ত মামলায় অ্যাডভোকেট আরশেদ আলম প্রতিপক্ষের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তাদের আইনজীবীকে সাক্ষীর দিনে না দাঁড়ানোর হুমকি দিয়েছেন। বাধ্য হয়ে তিনি ফেসবুকে সত্য কথা লিখেছেন দাবি করে জানান, তার বক্তব্য মিথ্যা প্রমাণিত হলে তিনি আইনগত বা দলীয় যেকোনো শাস্তি মাথা পেতে নেবেন।

এসএইচ 

Link copied!