ফাইল ছবি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে আলো নিভিয়ে পুশইন করার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় লোকজনের কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙের বাড়ি এলাকার ৮৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ২ এস সাব-পিলারসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ সীমান্ত এলাকার ওপারে বিএসএফ সদস্যরা তাদের সার্চলাইটের আলো নিভিয়ে অন্ধকারে বাংলাদেশ সীমানায় লোকজনকে পুশইন করার চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক স্থানীয় লোকজন সীমান্তে জড়ো হন। বাংলাদেশিদের চিৎকারে কিছুক্ষণ পর বিএসএফ সদস্যরা লাইট জ্বালিয়ে দেয়। এ সময় সীমান্তের কাছাকাছি বিএসএফের কয়েকজন সদস্যকে দৌড়াদৌড়ি করতে দেখেছেন বলে দাবি স্থানীয়দের।
সীমান্তের স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম জানান, রাত ৮টার দিকে হঠাৎ লাইট বন্ধ করে দিলে আমরা চিৎকার করি। এরপরে বিজিবিসহ সীমান্তে লাঠিসোঁটা নিয়ে পাহারা দিই।
এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় জনগণ জানিয়েছেন, বিএসএফের যেকোনো অবৈধ পুশইন রুখে দিতে বিজিবি ও স্থানীয় জনতা প্রস্তুত রয়েছেন।
এসএইচ







































