ফাইল ছবি
ঢাকা: দেশের শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৪০০ কোটি টাকা সংগ্রহ করতে চায় কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি পিএলসি। এ জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর অনুমোদন চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে আবেদন করেছে কোম্পানিটি। আইপিও থেকে সংগৃহীত অর্থের বড় অংশ দুটি প্রস্তাবিত সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করা হবে। এ ছাড়া বিদ্যমান ঋণের একাংশ পরিশোধ ও আইপিও-সংক্রান্ত ব্যয় মেটাতে অর্থ ব্যবহার করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে আবেদন জমা দিয়েছে কোম্পানিটি। ২০২৫ সালের পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ বিধিমালা এবং প্রযোজ্য অন্যান্য আইন ও নির্দেশনা অনুসারে বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর অনুমোদন চাওয়া হয়েছে। ২০১৭ সালে কনফিডেন্স গ্রুপের অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয় কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি।
কোম্পানি সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার দুই বছরের মধ্যে সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মিলে ৩৯৩ দশমিক ৩৬৩ মেগাওয়াট উৎপাদনক্ষমতার চারটি বিদ্যুৎকেন্দ্র চালু করে।
এবার নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে কোম্পানিটি। এ লক্ষ্যে দুটি সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করা হবে। তবে প্রকল্প দুটিতে কত টাকা বিনিয়োগ করা হবে, তা আবেদনে উল্লেখ করা হয়নি। আইপিও থেকে পাওয়া অর্থের একটি অংশ দিয়ে বিদ্যমান ঋণও পরিশোধ করবে কোম্পানিটি। পাশাপাশি আইপিও-সংক্রান্ত ব্যয় মেটানো হবে। তবে ঋণ পরিশোধে কত টাকা ব্যয় হবে, সে বিষয়েও আবেদনে বিস্তারিত তথ্য নেই।
প্রস্তাবিত আইপিওর অংশ হিসেবে গত ১৮ অক্টোবর ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে রোড শো আয়োজন করে কোম্পানিটি। সেখানে যোগ্য বিনিয়োগকারীদের কাছে ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা, ঝুঁকি এবং আইপিওর অর্থ ব্যবহারের পরিকল্পনা তুলে ধরা হয়।
উল্লেখ, কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জির আইপিও প্রস্তাব এখনো অনুমোদন পায়নি। ডিএসই ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পর্যালোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
এএইচ/পিএস







































