• ঢাকা
  • রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নড়াইলে আ.লীগ নেতাকর্মীদের ২০-৩০ বাড়িতে আগুন


নওগাঁ প্রতিনিধি নভেম্বর ২১, ২০২৬, ০৮:৪৩ পিএম
নড়াইলে আ.লীগ নেতাকর্মীদের ২০-৩০ বাড়িতে আগুন

ফাইল ছবি

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতা নিহত হওয়ার ঘটনার জেরে সাবেক সংসদ সদস্য, সাবেক মেয়রসহ আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বেন্দারচর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ২০ থেকে ৩০টি বাড়ি এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীমুর রহমান ওসি খানের বড়দিয়া বাজারের একটি দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে নড়াইল জেলা পুলিশ। পুলিশ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা বলছেন, এ ঘটনায় কোনো হিন্দু পরিবার বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।

হামলার শিকার বাড়িগুলোর মধ্যে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ বিশ্বাস, কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী রিনির বাড়ি রয়েছে। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতা লিটন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীম এবং খাশিয়াল ইউনিয়নের বড়দিয়া গ্রামের ছাত্রলীগ নেতা জোবায়ের চৌধুরী ও আনিচুর রহমান চৌধুরীর বাড়িতে হামলা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় বেন্দারচর এলাকায় এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, সাবেক সংসদ সদস্য ও সাবেক মেয়রের বাড়িসহ ২০ থেকে ৩০টি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

আজ শনিবার নড়াইলের পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও লুটপাটের বিষয়ে যে প্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা আগের ধারণ করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়ে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবার বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।

কালিয়া ঘোষপাড়ার বাসিন্দা অশোক ঘোষ বলেন, গতকাল থেকে ফেসবুকে ২০০ হিন্দু বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের খবর ছড়ানো হচ্ছে। এসব তথ্য সম্পূর্ণ বানোয়াট। তাঁদের এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

ঘোষপাড়ার বাসিন্দা গোপি ঘোষ বলেন, তাঁদের পাড়ায় কোনো ধরনের অত্যাচার বা ক্ষয়ক্ষতি হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। সরেজমিনে এলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

একই এলাকার বিমান ঘোষ বলেন, কালিয়া ঘোষপাড়ায় কোনো লুটপাট, অগ্নিসংযোগ বা নির্যাতনের ঘটনা ঘটেনি। তাঁরা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। যেসব গণমাধ্যমে এ ধরনের তথ্য প্রচার করা হচ্ছে, সেগুলোকে সরেজমিনে এসে পরিস্থিতি দেখার অনুরোধ জানান তিনি। স্থানীয় বাসিন্দা রাখী ঘোষও তাঁদের কোনো সমস্যা বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন।

কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে বেন্দারচর গ্রামের বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের খবর পান তাঁরা। তবে ঘটনাস্থলে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। গাছ সরিয়ে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে অনেক বাড়ির আগুন নিভে গিয়েছিল। তবে ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।

নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম জানান, নিহতদের আত্মীয়স্বজন ক্ষুব্ধ হয়ে বিচ্ছিন্ন দুই একটি বাড়িতে হামলা করতে পারেন। তবে ঢালাওভাবে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা সত্য নয়। কোনো হিন্দু পরিবারের ওপর সহিংসতার ঘটনা ঘটেনি।

কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম ওয়াহিদুজ্জামান বলেন, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপির নেতাদের উপস্থিতিতে এগুলো হয়েছে বলে যে প্রচার চলছে, সেটা কাল্পনিক।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী বলেন, বিএনপির দুই নেতা হত্যার ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। হিন্দু সম্প্রদায়ের কোনো বাড়িতে হামলা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ভিডিও ছড়িয়ে ২০০ হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম বলেন, খবর পেয়ে গতকাল শুক্রবার রাতেই তিনি ও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাবেক সংসদ সদস্যের বাড়িসহ কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত বুধবার সন্ধ্যায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে কালিয়া উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। শোভাযাত্রাটি বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম নিহত হন।

এসএইচ 

Link copied!