• ঢাকা
  • শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রতিকূলতা পেরিয়ে উচ্চশিক্ষার শিখরে দুই মান্তা তরুণ


বরিশাল প্রতিনিধি   নভেম্বর ২৭, ২০২৬, ০৫:৫২ পিএম
প্রতিকূলতা পেরিয়ে উচ্চশিক্ষার শিখরে দুই মান্তা তরুণ

ছবি : প্রতিনিধি

বরিশাল: নদীর সঙ্গে জীবনযুদ্ধ, দারিদ্র্য আর নানা সামাজিক প্রতিবন্ধকতা সবকিছুকে পেছনে ফেলে উচ্চশিক্ষা অর্জন করেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার মান্তা সম্প্রদায়ের দুই তরুণ। দীর্ঘদিন ধরে শিক্ষার মূলধারা থেকে পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর দুই সন্তানের এমন সাফল্য এলাকায় সৃষ্টি করেছে আশার আলো। তাঁদের অনন্য অর্জনের স্বীকৃতিস্বরূপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ।

বুধবার (২৬ নভেম্বর) সকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠি গ্রামে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।

সম্মাননাপ্রাপ্ত দুই তরুণ হলেন মো. আবু বক্কর সিদ্দিক ও মো. বায়েজীদ হোসেন। তাঁদের এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে নানা বঞ্চনা ও প্রতিকূলতার মধ্যে বেড়ে ওঠা মান্তা সম্প্রদায়ের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়েদা আখতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন শিকদারসহ মান্তা সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলায় প্রায় তিন শতাধিক মান্তা সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। নদীকেন্দ্রিক জীবনযাপন ও জীবিকার অনিশ্চয়তা তাঁদের নিত্যদিনের বাস্তবতা। আর্থিক সংকট, সামাজিক সীমাবদ্ধতা এবং শিক্ষার পর্যাপ্ত সুযোগের অভাবে এই জনগোষ্ঠীর অনেক শিশুই প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষায় যাওয়ার সুযোগ পায় না।

এমন প্রতিকূল পরিবেশেও হাল ছাড়েননি আবু বক্কর সিদ্দিক ও বায়েজীদ হোসেন। নানা সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করে তাঁরা উচ্চশিক্ষা অর্জনের পথ তৈরি করেছেন। তাঁদের এই সাফল্য প্রমাণ করেছে, সুযোগ ও অদম্য ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাকে জয় করাও সম্ভব।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, মান্তা সম্প্রদায়ের সন্তানদের এমন সাফল্য অত্যন্ত আশাব্যঞ্জক। তাঁদের অর্জন অন্যদের জন্য অনুকরণীয় ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে উপজেলা প্রশাসন পাশে থাকবে। পাশাপাশি দুই তরুণের ভবিষ্যৎ অগ্রযাত্রায় প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সম্মাননাপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক বলেন, নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও তাঁরা উচ্চশিক্ষা অর্জনের চেষ্টা চালিয়ে গেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাওয়া এই স্বীকৃতি তাঁদের আরও উৎসাহিত করেছে। তাঁদের প্রত্যাশা, মান্তা সম্প্রদায়ের অন্য সন্তানরাও শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাবে এবং সমাজে নিজেদের যোগ্য অবস্থান তৈরি করতে পারবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, দুই তরুণের এই অর্জন মান্তা সম্প্রদায়ের পরিবারগুলোর মধ্যে শিক্ষার প্রতি নতুন আগ্রহ ও সচেতনতা তৈরি করবে। তাঁদের সাফল্য দেখে অন্য অভিভাবকরাও সন্তানদের পড়াশোনার প্রতি আরও যত্নবান হবেন। একই সঙ্গে এই জনগোষ্ঠীর শিক্ষার প্রসার, সামাজিক উন্নয়ন এবং জীবনমান পরিবর্তনে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

পিএস

Link copied!