লক্ষ্মীপুরের সাবেক আলোচিত মেয়র আওয়ামী লীগ নেতা তাহেরপুত্র আফতাব উদ্দিন বিপ্লবের একটি কল রেকর্ডিং ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মোবাইল ফোনে একজনকে নির্দেশনা দিতে বিপ্লবকে বলতে শোনা যায়, ‘গেরিলা হোলাইন রাখবি, হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো’।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা কমিটির সভাপতি বিপ্লবের ৩ মিনিটের কল রেকর্ডিংটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বিপ্লব লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এম এ তাহেরের বড় ছেলে এবং লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর বড় ভাই।
ছড়িয়ে পড়া অডিওটিতে মামুন নামে এক ব্যক্তিকে উদ্দেশ করে নির্দেশনা দেওয়া হয়।
রেকর্ডিংটিতে বিপ্লবকে বলতে শোনা যায়, ‘আর কোন সুন্দর কথা নাই। দিনে সুন্দর কথা কইয়াম, দিনে সুন্দর পাঞ্জাবি পড়ি হাটিয়াম। যখন দেখিয়াম ক্ষমতা আইতাছে, লাইন অইছে, তখন এগুনরে (তাদেরকে) টোগাই (খুঁজে) পাওয়া যায় না। ক্ষমতা লাইন হইছে যখন দেইখখাম (দেখবো), ৫-৬ টা গেরিলা হোলাইন রাইখবি, যেগুন (যারা) বিশ্বস্ত।
হেগুনরে এলাকায় স্টাবলিশ করে দিয়াম। হেগুনের কাম অইবো (হবে) শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন ৮-১০টারে মারি হালাইবো।’
‘এরপর আরো শোনা যায়, দাড়ুম-দুড়ুম বাড়ি ঘর জ্বালাই দিবো, কিন্তু কোন কোরআন শরীফ ঘরে আছে কি না, জায়নামাজ টুপি এগুলো বাহির করতে হইবো। কোন বউ বাচ্চা বুড়া বয়স্ক মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। ক্যাডার 'খানকির হোলাগোরে' বাহির করি দাম-দুড়ুম ধরি গোটা দশেক ধরি হেগুনরে মাইরতে হইবো।
ইয়ার মধ্যে যেগুনের নাম কইছোস এরমধ্যে দুই চাইরগারে, দুই ওজ্ঞারে হালাই দিতে হইবো, শেষ। বিএনপি মাইরছে, কাইনবি, ইয়ার হরে লাশ ধরি কাইনবি। খারাপ লোক ওগো সমুতল্য। এদের রাখছে, খারাপগুনরে বাঁচায় রাখছে আমগো মতো ভালো লোকগুনরে ডিস্টার্ব করার জন্য, যেন আমরা রাজনীতি করতে না পারি। ভাইয়ের লাই এটা কর, দুরের তন বয় বয় ঠান্ডা মাথায় এটা কর।’
এ ব্যাপারে আফতাব উদ্দিন বিপ্লব বলেন, রেকডিংটি আমারও নজরে এসেছে। এটি এআই দিয়ে তৈরি করা হয়েছে। আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও হয়েছে, এখনও হচ্ছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিপ্লব আত্মগোপনে রয়েছেন। তাঁকে আইনের আওতায় আনার জন্য সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে।’
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী (সাবেক পিপি) নুরুল ইসলামকে লক্ষ্মীপুর শহরের বাসা থেকে অপহরণের পর হত্যা করা হয়। বহুল আলোচিত নুরুল ইসলাম হত্যা মামলায় ২০০৩ সালে তাহেরপুত্র বিপ্লবসহ পাঁচ আসামির মৃত্যুদণ্ড ও ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত।
বিপ্লব ২০১১ সালের ৪ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন। এরপর আবু তাহের তার ছেলে বিপ্লবের প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। ওই বছরের ১৪ জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তার সাজা মওকুফ করেন। পরের বছর আরো দুটি হত্যা মামলায় (কামাল ও মহসিন হত্যা) বিপ্লবের যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। পরবর্তী সময়ে রাজনৈতিক বিবেচনায় ২০১২ সালে ফিরোজ হত্যা মামলা থেকেও বিপ্লবের নাম প্রত্যাহার করা হয়। ২০১৪ সালের ১ আগস্ট কারাগারে থেকেই বিয়ে করে দেশব্যাপী ফের আলোচনায় আসেন বিপ্লব। ২০১৮ সালের ৯ অক্টোবর তিনি কারামুক্ত হন।
এদিকে ২০২৪ সালে ৪ আগস্ট জুলাই আন্দোলনে বিপ্লবদের বাসার সামনে তমিজ মার্কেট ও শহরের মাদাম ব্রিজ এলাকায় ৪ শিক্ষার্থীসহ ১২ জন হত্যার শিকার হন। নিহত অপর ৮ জন যুবলীগ ও ছাত্রলীগের কর্মী ছিলেন। শিক্ষার্থীদের হত্যার ঘটনায় পৃথক দুটি মামলায় বিপ্লবসহ বিপুলসংখ্য আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়। ওই মামলাগুলোর চার্জশিট পুলিশ আদালতে জমা দিয়েছেন বলে জানা গেছে। তবে ৪ আগস্টের পর থেকে বিপ্লবসহ তার দুই ভাই টিপু ও শিবলু সপরিবারে পলাতক রয়েছে।
এম







































