• ঢাকা
  • শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকায় দিনব্যাপী কোরিয়ান কমিউনিটির ‘নেইবারলি লাভ বাজার’ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৭, ২০২৬, ০৭:১০ পিএম
ঢাকায় দিনব্যাপী কোরিয়ান কমিউনিটির ‘নেইবারলি লাভ বাজার’ অনুষ্ঠিত

ছবি: নিজস্ব

ঢাকা: ঢাকায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে কোরিয়ান কমিউনিটির ‘নেইবারলি লাভ বাজার’ মেলা। ‘আনন্দ-উৎসবের পাশাপাশি মানবিক সহায়তার উদ্যোগ ভালোবাসা ছড়িয়ে দিন, জীবন বদলে দিন’ এই প্রতিপাদ্যে দিনব্যাপী চ্যারিটি বা দাতব্য এই মেলা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকার ঢাকা কোরিয়ান খ্রিষ্টান চার্চ প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়।

বাংলাদেশে বসবাসরত কোরিয়ান নাগরিক ও ঢাকা কোরিয়ান খ্রিষ্টান চার্চের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে। দুপুর ১২টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলা এই আয়োজনে ছিল কেনাকাটা, ঐতিহ্যবাহী কোরিয়ান খাবারের স্বাদ আর পারস্পরিক সৌহার্দ্যের মেলবন্ধন।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, লাল-নীল ও সাদা রঙের দৃষ্টিনন্দন শামিয়ানার নিচে সারিবদ্ধ স্টলে পসরা সাজিয়ে বসেছেন কোরিয়ান স্বেচ্ছাসেবকেরা। মেলায় বিক্রির জন্য রাখা হয়েছিল উন্নত মানের স্যুট, জ্যাকেট, সোয়েটার, শার্ট, টি-শার্ট, শিশুদের পোশাক, টুপি, তোয়ালে, তাঁবুসহ বিভিন্ন ধরনের পোশাক ও নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী। এ ছাড়া এবারের আয়োজনে অব্যবহৃত ভালো মানের পণ্য দান এবং তা সাশ্রয়ী মূল্যে বিক্রির বিশেষ উদ্যোগ নেওয়া হয়। স্টলগুলোতে উপচে পড়া ভিড় মেলার অন্যতম প্রধান আকর্ষণ।

খাবারের স্টলগুলোতে ছিল ঝাল-মিষ্টি স্বাদের তকবক্কি, গিমবাপ, জানচি গুকসু, হোতক, ডাকগাংজং, মান্দু, টুইগিম, কোয়াবায়েগি এবং দানপাতপাং। এর পাশাপাশি ছিল বাঁধাকপি, মুলা, শসাসহ চার পদের ঐতিহ্যবাহী কোরিয়ান কিমচি। কোরিয়ান খাবারের স্বাদ নিতে স্টলগুলোর সামনে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখা যায়।

আয়োজকেরা জানান, প্রতিবছরই পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এই চ্যারিটি বাজারের আয়োজন করা হয়। মেলায় অংশগ্রহণকারী ও সহযোগিতাকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যানারে লেখা ছিল, যাঁরা আমাদের সাহায্য করেছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।

অনুষ্ঠানে আগত দর্শনার্থীরা জানান, এমন আয়োজন একদিকে যেমন ভিন্ন সংস্কৃতির খাবার ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়, তেমনি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো মহৎ উদ্যোগকেও উৎসাহিত করে। দিনব্যাপী আনন্দঘন এই আয়োজন শেষে আয়োজক, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারীরা সবাই একসঙ্গে গ্রুপ ছবি তোলেন।

এসএইচ

Link copied!