• ঢাকা
  • বুধবার, ০৩ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা

আসামিদের আত্মপক্ষ শুনানি শেষ, যুক্তিতর্ক বৃহস্পতিবার


আদালত প্রতিবেদক জুন ৩, ২০২৬, ১১:৪৯ এএম
আসামিদের আত্মপক্ষ শুনানি শেষ, যুক্তিতর্ক বৃহস্পতিবার

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচারপ্রক্রিয়া দ্রুত গতিতে শেষের দিকে এগিয়ে চলছে। মামলার আসামিদের ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ শেষ হয়েছে। আদালত আগামী বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের দিন ধার্য করেছেন।

বুধবার (৩ জুন) বেলা ১১টা ৯ মিনিটে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আদালতে উপস্থিত হলে এ শুনানি শুরু হয়।

শুনানি চলাকালীন বিচারক প্রধান আসামি সোহেল রানার কাছে জানতে চান, নিজের পক্ষে তার কোনো বক্তব্য আছে কিনা। জবাবে কাঠগড়ায় দাঁড়িয়ে সোহেল রানা বিচারককে উদ্দেশ্য করে বলেন, "স্যার, আমার সঙ্গে ডলার (অন্য এক ব্যক্তি) ছিল। তাকে কেউ দেখেনি, তাকে ধরেন। আমিও দোষ করেছি, কিন্তু একা দোষী না। আমার একটা ছাওয়াল (সন্তান) আছে। আমাকে ক্ষমা করে দেন। আমি নির্দোষ, খালাস চাই।"

একই সাথে অপরাধ স্বীকার ও নিজেকে নির্দোষ দাবি করার এই দ্বিমুখী বক্তব্য আদালতের এজলাসে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

এর আগে গতকাল মঙ্গলবার এই মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়। রামিসার বাবা, মা, বোন, নিকটাত্মীয়, প্রতিবেশী প্রত্যক্ষদর্শী এবং মামলার তদন্ত কর্মকর্তাসহ (আইও) মোট ১৬ জন আদালতে এসে ঘটনার বিবরণ ও সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য গ্রহণ শেষে রাষ্ট্রপক্ষ মামলার কার্যক্রম পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার আবেদন জানালে, আদালত আজ বুধবার আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য করেছিলেন।

গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে আট বছরের শিশু রামিসার খণ্ডিত ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পরপরই ওই ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছিল আসামি সোহেল রানা।

এম

Link copied!