• ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেখ হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৫, ২০২৬, ০৭:২১ পিএম
শেখ হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

ফাইল ছবি

শেখ হাসিনার পরিবার এবং ১০টি শিল্পগোষ্ঠীর দেশে ও বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এর মধ্যে দেশে থাকা ৫৭ হাজার কোটি এবং বিদেশে থাকা ১৯ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটির প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এ তথ্য জানান।

তিনি বলেন, যৌথ তদন্তের আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্পদ জব্দের পাশাপাশি মামলা, বিদেশে থাকা সম্পদ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইনি সহায়তা গ্রহণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এসব কার্যক্রম এগিয়ে চলছে।

দেশ থেকে পাচার হওয়া সম্পদ উদ্ধারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বিএফআইইউ প্রধান বলেন, ‘দেশ থেকে যে সম্পদ চুরি হয়ে গেছে, তা উদ্ধারের চেষ্টা চলছে। এ বছরের শেষ নাগাদ এ বিষয়ে সুখবর দেওয়া যাবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে দল-মতের বিবেচনা করা হয় না। অভিযোগের ভিত্তি পাওয়া গেলে ব্যাংক হিসাব স্থগিত করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের কারও বিরুদ্ধেও এমন অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিএফআইইউ জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনা পরিবারের পাশাপাশি ১০টি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, কর ফাঁকি ও অর্থপাচারের অভিযোগ তদন্তে যৌথ তদন্ত দল গঠন করা হয়। তদন্তের আওতায় থাকা শিল্পগোষ্ঠীগুলো হলো এস আলম, বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন, নাসা, বসুন্ধরা, ডা. ইকবালের প্রিমিয়ার, সিকদার এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের আরামিট গ্রুপ।

এসএইচ 

Link copied!