• ঢাকা
  • রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জামিন পেলেন সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০২৬, ১২:৫৪ পিএম
জামিন পেলেন সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান

ফাইল ছবি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা এবং কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

আদালতে আসামিপক্ষে জামিন শুনানি পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে গত ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী তাঁর জামিন নামঞ্জুর করেছিলেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনা সংক্রান্ত বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এই ঘটনার পরদিন অর্থাৎ ২ অক্টোবর বিমানবন্দর থানায় নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে মামলাটি দায়ের করেন এবং একই দিনে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তদন্ত কর্মকর্তার পাঁচ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ৪ অক্টোবর তাঁকে আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছিল।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে ঢাকায় ফেরার পর লাগেজ সংগ্রহের সময় ৮ নম্বর বেল্ট এলাকায় অতিরিক্ত যাত্রীর চাপে ট্রলি সংকট ও দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।

ওই সময় প্রটোকল সহকারীদের নিয়মের তোয়াক্কা না করে ট্রলি নেওয়ার চেষ্টা, লাগেজ মিলতে দেরি হওয়া এবং জমজমের পানি না পাওয়ার বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা ও অশোভন আচরণের পরিবেশ তৈরি হয়। দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের করা এই মামলায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর হাইকোর্ট থেকে জামিন লাভ করলেন সাবেক এই সংসদ সদস্য।

এসএইচ 

Link copied!