• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৫ দিনের রিমান্ডে বায়তুল মোকাররমে সাবেক খতিব রুহুল আমিন 


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৯, ২০২৬, ০৬:০৯ পিএম
৫ দিনের রিমান্ডে বায়তুল মোকাররমে সাবেক খতিব রুহুল আমিন 

ফাইল ছবি

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় মসজিদটির সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, মসজিদে সংঘর্ষের ঘটনায় আসামির ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাই, কোনো ব্যক্তি বা দলীয় প্ররোচনা আছে কি না তা খতিয়ে দেখা এবং কোনো আর্থিক লেনদেন হয়েছে কি না তা তদন্ত করতে ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ ছাড়া ঘটনার পেছনের পরিকল্পনা, নেতৃত্বদানকারী ও অন্যান্য আসামিদের পরিচয় উদ্ঘাটন এবং মসজিদের সম্পত্তি ভাঙচুরের দায় নির্ধারণে তাঁকে রিমান্ডে নেওয়া জরুরি।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর এক প্রবাসফেরত ব্যবসায়ী জুমার নামাজ আদায়ের জন্য বায়তুল মোকাররম মসজিদের নিচতলায় উপস্থিত হন। দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এ সময় মুফতি রুহুল আমিন অন্যান্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করে দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনেহিঁচড়ে আঘাত করে নিচে নামান এবং হাত থেকে মাইক কেড়ে নেন।

অভিযোগে আরও বলা হয়, উপস্থিত মুসল্লিরা বাধা দিলে রুহুল আমিনের নির্দেশে আরেক আসামি হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে বাদীর ডান চোখে আঘাত করেন। এতে তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। এ ছাড়া আসামিরা বাদীকে পিটিয়ে জখম করে পকেটে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যান। ওই ঘটনায় বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি গুরুতর আহত হন এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

গতকাল বুধবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে আটক করা হয়। পরে এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা এলাকার বাসিন্দা মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। এর প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররমে গেলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার দুই দিন পর ২২ সেপ্টেম্বর খতিবের পদ থেকে তাঁকে অপসারণ করা হয়।

এসএইচ 

Link copied!