• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রুমিন ফারহানাকে আ.লীগের কোলে উঠতে নিষেধ করলেন জেডিপি আহ্বায়ক


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৯, ২০২৬, ০৭:০৬ পিএম
রুমিন ফারহানাকে আ.লীগের কোলে উঠতে নিষেধ করলেন জেডিপি আহ্বায়ক

ফাইল ছবি

বিএনপির বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে অবস্থান না নিতে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে পরামর্শ দিয়েছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ। রুমিন ফারহানার উদ্দেশে তিনি বলেছেন, বিএনপির বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগের কোলে না উঠতে এবং রাজনৈতিক সমালোচনা করলেও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে আপস না করতে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদ এসব কথা বলেন। জাতীয় সংলাপের নামে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের কোনো সুযোগ তৈরি করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞপ্তিতে নাঈম আহমাদ বলেন, বিএনপির রাজনৈতিক সমালোচনা করতে গিয়ে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়া কিংবা দলটির রাজনৈতিক পুনর্বাসনের ক্ষেত্র তৈরি করা দায়িত্বশীল রাজনৈতিক অবস্থান হতে পারে না।

জেডিপি মনে করে, জাতীয় সংলাপের অজুহাতে গণহত্যা, গুম, বিচারবহির্ভূত হত্যা, দুর্নীতি ও দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের দায় পাশ কাটিয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে স্বাভাবিকীকরণের চেষ্টা জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।

রুমিন ফারহানা দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন উল্লেখ করে জেডিপির আহ্বায়ক বলেন, তাঁর কাছ থেকে আরও দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ রাজনৈতিক অবস্থান প্রত্যাশা করা হয়। তাঁর মতে, বিএনপির সমালোচনা অবশ্যই করা যাবে এবং সরকারের ব্যর্থতার বিরুদ্ধেও কথা বলতে হবে; কিন্তু সেই সমালোচনার জায়গা থেকে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে যুক্তি দাঁড় করানো আত্মঘাতী রাজনৈতিক কৌশল।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেডিপি মনে করে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি আওয়ামী লীগ ও বিএনপির ক্ষমতার পালাবদলের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, তার ভিত্তি হতে হবে ন্যায়বিচার, গণতন্ত্র, জবাবদিহি ও ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রব্যবস্থা।

নাঈম আহমাদ উল্লেখ করেন, দেশে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার ক্ষেত্রে রুমিন ফারহানাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তবে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পুনর্বাসিত হলে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার সেই সম্ভাবনাও নষ্ট হয়ে যাবে।

এসএইচ 

Link copied!