• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৬, ২০২৬, ০১:২৯ পিএম
ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়ার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

ওয়ারী গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ডরিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, ডরিন রাজধানীর লালমাটিয়ার সি ব্লকের একটি বাসায় থাকতেন। বুধবার রাতে ডিবির ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’ করার অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

গ্রেপ্তারকৃত মুমতারিন ফেরদৌস ডরিনের বাবা প্রয়াত আনোয়ারুল আজীম আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি।

২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন তিনি। তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস কলকাতায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর বাংলাদেশ ও ভারতে তদন্ত শুরু হয়। 

পরে পুলিশ জানায়, কলকাতার একটি বাড়িতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে। এ ঘটনায় কলকাতায় একটি মামলা হয়। পাশাপাশি বাবার হত্যার ঘটনায় ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেছিলেন ডরিন।

পিএস

Link copied!