ফাইল ছবি
ঢাকা: চলতি জুন মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসীরা ২০৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২.৮০ টাকা হিসাবে) ২৫ হাজা ৫৯১ কোটি টাকা।
সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি জুন মাসের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২০৮ কোটি ৪০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৯৯ কোটি ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২১ জুন পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৪৮৪ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৮ দশমিক ১০ শতাংশ।
এর আগে গত মে মাসে দেশে এসেছে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।
গত এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, মার্চে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স। আর ডিসেম্বরে এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার।
এছাড়াও নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
পিএস







































