ছবি : সংগৃহীত
ঢাকা: নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নেওয়ার পথে আর কোনো বড় বাধা রইল না। সোমবার (২৯ জুন) বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবেদুর রহমান সিকদারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে নতুন ব্যাংকটির এমডি হিসেবে তার যোগদানের পথ প্রায় চূড়ান্ত হলো।
এখন প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে চলতি সপ্তাহেই তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নতুন এমডির যোগদানের মাধ্যমে পাঁচটি সংকটাপন্ন শরিয়াভিত্তিক ব্যাংকের (এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক) একীভূত কার্যক্রম, আমানত ফেরত এবং পুনর্গঠনের কাজ গতি পাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ২৩ জুন অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় আবেদুর রহমান সিকদারকে এমডি হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্রের জন্য আবেদন করা হয়।
দেশের ব্যাংক খাতে চলমান তারল্য সংকট মোকাবিলায় আর্থিকভাবে বিপর্যস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের সম্পদ ও দায় একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করেছে সরকার।
এর আগে জাতীয় সংসদে দেওয়া তথ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক পিএলসিকে ‘ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫’-এর আওতায় এনে তাদের সম্পদ ও দায় নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তর করা হয়েছে।
তিনি জানান,‘আমানত সুরক্ষা আইন, ২০২৬’-এর আওতায় এসব ব্যাংকের গ্রাহকদের প্রাথমিকভাবে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পরিশোধ করা হচ্ছে। একই সঙ্গে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে।
সম্মিলিত ইসলামী ব্যাংককে দ্রুত কার্যকর করতে সরকার ইতোমধ্যে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে। পাশাপাশি করপোরেট সুশাসন নিশ্চিত করতে কোম্পানি সেক্রেটারি, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) নিয়োগের প্রক্রিয়াও চলছে।
এএইচ/পিএস













-6a4326dc88780-20260630023927.jpg)

























