• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মূল বেতন বাড়লেও বাড়িভাড়াসহ বিভিন্ন ভাতায় কাটছাঁটের প্রস্তাব, জানা গেল আরো কিছু তথ্য


নিজস্ব প্রতিবেদক জুন ২৫, ২০২৬, ১১:০৪ এএম
মূল বেতন বাড়লেও বাড়িভাড়াসহ বিভিন্ন ভাতায় কাটছাঁটের প্রস্তাব, জানা গেল আরো কিছু তথ্য

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নতুন বেতন কাঠামোয় মূল বা বেসিক বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলেও, সামগ্রিক বাজেট ও সরকারি ব্যয় নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ভাতা যৌক্তিকীকরণ বা কাটছাঁটের বিষয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

গত বুধবার (২৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে পুনর্গঠিত সচিব কমিটির এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

যা জানালেন শীর্ষ কর্মকর্তা

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানান, "জনপ্রশাসন অর্থাৎ সরকারি চাকরিজীবীদের জন্য পে-স্কেলের বিষয়টি মোটামুটি চূড়ান্ত হয়েছে। এলপিআর (লিভ প্রিপারেটরি টু রিটায়ারমেন্ট) ভোগরত কর্মকর্তা-কর্মচারীরাও নবম পে-স্কেলের আওতায় আসবেন।" তবে কত শতাংশ বেতন বৃদ্ধি পাবে কিংবা কত ধাপে তা বাস্তবায়ন হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পরই জানা যাবে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে অর্থ বিভাগের দুটি শীর্ষ সূত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই স্পর্শকাতর বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তারা জানিয়েছেন, এটি সরকারের অত্যন্ত নীতিগত বিষয় এবং সঠিক সময়ে সরকারের পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

ভাতা কাটছাঁটের প্রস্তাব কেন?

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় রেখেই নতুন পে-স্কেলের কাঠামো সাজানো হচ্ছে। মূল বেতন এক লাফে অনেকখানি বাড়লে সামগ্রিক বাজেটের ওপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে, সেজন্যই বিভিন্ন ভাতা পুনর্মূল্যায়ন বা সীমিত করার প্রস্তাব সামনে এসেছে।

বিশেষ করে অঞ্চলভেদে মূল বেতনের ৪৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত যে বাড়িভাড়া ভাতা রয়েছে, তার শতাংশের হার কিছুটা কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। কারণ, মূল বেতন বৃদ্ধি পেলে শতাংশভিত্তিক হিসাব অনুযায়ী বাড়িভাড়ার পরিমাণও অস্বাভাবিক হারে বেড়ে যায়। এর পাশাপাশি চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত ভাতার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা নির্ধারণ এবং বর্তমান সময়ে কার্যকারিতা হারানো কিছু ছোটখাটো ভাতা পুরোপুরি বিলুপ্ত করার প্রস্তাবও বৈঠকে উঠেছে।

বেতন বৃদ্ধির বিকল্প প্রস্তাবসমূহ

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকরের লক্ষ্য ধরে কাজ চলছে। বেসিক বা মূল বেতন বৃদ্ধির ক্ষেত্রে সরকারের হাতে একাধিক বিকল্প রয়েছে। এর মধ্যে প্রথম প্রস্তাবে প্রথম ধাপে মূল বেতন একযোগে ৫০ শতাংশ বৃদ্ধির কথা বলা হয়েছে। বিকল্প হিসেবে ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তাদের জন্য ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ৬০ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব বিবেচনায় রয়েছে। এছাড়া নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন শতভাগ পর্যন্ত বৃদ্ধির বিষয়েও টেবিলে আলোচনা চলছে।

তবে জনপ্রশাসনসংক্রান্ত সুপারিশ নীতিগতভাবে চূড়ান্ত করা হলেও, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য প্রস্তাবিত কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। এ দুটি খাতের জন্য শিগগিরই পৃথক সভা হতে পারে।

বাজেটে বিশেষ বরাদ্দ

বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, রাষ্ট্র সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য বেতন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে, তবে এর বিনিময়ে জনপ্রশাসনে স্বচ্ছতা, কর্মগতিশীলতা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে।

নতুন অর্থবছরের শুরু থেকেই এই সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ এগোচ্ছে। এ লক্ষ্যে প্রস্তাবিত বাজেটে ইতোমধ্যে প্রায় ৪৪ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দও রাখা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এম

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!