• ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ওমরাহ পালনে সৌদিতে ভাবনা

‘প্রথমবার যখন পবিত্র কাবার দিকে তাকালাম, আমার মুখ থেকে সব শব্দ যেন হারিয়ে গেল’


বিনোদন ডেস্ক জুন ২৬, ২০২৬, ০৯:০৯ পিএম
‘প্রথমবার যখন পবিত্র কাবার দিকে তাকালাম, আমার মুখ থেকে সব শব্দ যেন হারিয়ে গেল’

পবিত্র ওমরা হজ পালন করার উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তার এই সফরে সঙ্গী হিসেবে রয়েছেন মা, বাবা ও বোন। শুক্রবার (২৬ জুন) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে পবিত্র মক্কা শরিফ থেকে কয়েকটি ছবি পোস্ট করে নিজেই জানিয়েছেন এ তথ্য।

এ অভিনেত্রী ওমরা পালনের বিষয়টি জানানোর সঙ্গে নিজের অনুভূতিও জানিয়েছেন। ভাবনা লিখেছেন, ‘প্রথমবার যখন পবিত্র কাবার দিকে তাকালাম, তখন আমার মুখ থেকে সব শব্দ যেন হারিয়ে গেল। কোনো ভাষা বা শব্দ দিয়ে ওই মুহূর্তের গভীর আবেগ, মনের ভেতরের উপচেপড়া পরম শান্তি আর হৃদয়ের কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব নয়।’

তিনি আরও লিখেছেন, ‘জীবনের এই পরম সৌভাগ্যের জন্য মহান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক।’

এদিকে ভাবনার এই পোস্ট নজর কেড়েছে ইন্ডাস্ট্রির সহকর্মী, ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের। মন্তব্যের ঘরে তারা সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ কেউ তার ও পরিবারের জন্য দোয়া-ও জানিয়েছেন।

প্রসঙ্গত, ছোটপর্দার মাধ্যমে অভিনয়জগতে পথচলা শুরু হয় ভাবনার। পরে ২০১৭ সালে নির্মাতা অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। তারপর ওপার বাংলার অভিনেতা পরমব্রত চ্যাটার্জির বিপরীতে ‘নয়নতারা’ সিনেমায় অভিনয় করে প্রশংসা লাভ করেন।

এছাড়া ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘দামপাড়া’র মতো ভিন্নধর্মী সিনেমায় অভিনয় করে নিজেকে সম্ভাবনাময়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। অভিনয়ের পাশাপাশি চিত্রশিল্পী, নৃত্যশিল্পী ও লেখক হিসেবেও পরিচিতি রয়েছে ভাবনার।

এম

Link copied!