• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডা. আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল, বেতন ফেরতের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক জুন ২৫, ২০২৬, ০৫:৫০ পিএম
ডা. আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল, বেতন ফেরতের নির্দেশ

ফাইল ছবি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে ডা. এ বি এম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে এই সম্মানজনক পদের বিপরীতে এ পর্যন্ত তাঁর উত্তোলিত সব বেতন-ভাতা রাষ্ট্রীয় তহবিলে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার (২৪ জুন) এই নজিরবিহীন সিদ্ধান্তের কথা জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ জুন সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশন সভায় আলোচ্যসূচির বাইরে গিয়ে একজন সদস্যের আকস্মিক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয়েছিল। সেই একই সভায় বিধি বহির্ভূতভাবে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা আইনত গ্রহণযোগ্য নয়। এর ফলেই ৯২তম সিন্ডিকেট সভার সেই সিদ্ধান্তটি বাতিল করে তাঁর নিয়োগ বাতিল করা হলো। একই সঙ্গে নিয়োগের তারিখ থেকে অধ্যাপক ইমেরিটাস পদের বিপরীতে নেওয়া সব বেতন-ভাতাদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তের বিষয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন দেশবরেণ্য এই চিকিৎসক। অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বলেন, ‘হ্যাঁ, আমি এমন একটা চিঠি পেয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা করেছে, অন্যায় করেছে। আমার ওপর অবিচার করেছে। পৃথিবীর ইতিহাসে কোথাও এভাবে একটা সম্মানজনক পদ ছিনিয়ে নেওয়ার নজির নেই।’

জীবনের শেষ অধ্যায়ে এসে এমন আচরণে মর্মাহত এই চিকিৎসক আরও বলেন, ‘আমি ৫০ বছর যাবত চিকিৎসাসেবা দিয়ে আসছি। আমার ছাত্ররা আজ দেশের স্বনামখ্যাত অধ্যাপক। জীবনের শেষ সময়ে এসে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। কারা, কী কারণে এটি করছে, তারাই ভালো জানে।’

চিকিৎসা শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ পাওয়া এই সর্বোচ্চ সম্মাননা বাতিলের ঘটনাটি দেশের চিকিৎসা ও শিক্ষা মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অর্ধশতক ধরে মানবসেবায় নিয়োজিত একজন বর্ষীয়ান চিকিৎসকের সঙ্গে এমন আচরণ শেষ পর্যন্ত কোন প্রশাসনিক বা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের বহিঃপ্রকাশ, তা নিয়ে আলোচনা এখন তুঙ্গে।

এসএইচ 

Link copied!