• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি পেল আইডিআরএ


নিজস্ব প্রতিবেদক জুলাই ৯, ২০২৬, ০১:২৮ পিএম
শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি পেল আইডিআরএ

ছবি : প্রতিনিধি

ঢাকা: উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’-এ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর মোবাইল অ্যাপ ‘ইন্স্যুপ্লেইন্ট’ শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। 

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গত ৬ জুলাই তিনি আইডিআরএ -এর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন -এর হাতে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের সম্মাননা তুলে দেন।

বীমাখাতের আধুনিকায়ন এবং বীমা দাবি নিষ্পত্তি সহজীকরণের মাধ্যমে বীমা গ্রাহকের আস্থা বৃদ্ধির জন্য 'ইন্স্যুপ্লেইন্ট' অ্যাপটি এ বছরের ২৩ জুন থেকে চালু করা হয়েছে। এই অ্যাপ বাস্তবায়নের ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে অফিসে না এসেই গ্রাহক তার বীমা দাবি প্রাপ্তির আবেদনসহ অন্যান্য অভিযোগ দাখিল করতে পারছেন এবং বীমা দাবি /অভিযোগ নিষ্পত্তি সংক্রান্ত কার্যক্রম অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারছেন। সেই সাথে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষও বীমা কোম্পানিগুলোতে গ্রাহকের দাবি/ অভিযোগ নিস্পত্তি হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করতে পারছে।

এছাড়াও আইডিআরএ বীমা পলিসি তথ্য যাচাইয়ের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফরম ‘Bima Tathya App’ বাস্তবায়ন করছে, যা গ্রাহকের পলিসি যাচাই পদ্ধতি সহজ করেছে এবং ভুয়া ও ডুপ্লিকেট পলিসি প্রতিরোধে সহায়তা করছে। ফলশ্রুতিতে বীমা খাতে আস্থা বৃদ্ধি, প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধির মাধ্যমে আর্থিক খাতে অবদান রাখছে। 

এ আয়োজনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন ২৫টি দপ্তর ও সংস্থার উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করা হয় এবং মূল্যায়নের ভিত্তিতে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচটি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত উদ্যোগগুলো হলো: রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে জনতা ব্যাংক পিএলসি-এর ‘জনতা-পে’; রাষ্ট্রমালিকানাধীন বিশেষায়িত ব্যাংক ক্যাটাগরিতে প্রবাসী কল্যাণ ব্যাংকের ‘ই-মাইগ্রেশন ঋণ সেবা’; নিয়ন্ত্রক সংস্থা ক্যাটাগরিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর ‘ইন্স্যুপ্লেইন্ট মোবাইল অ্যাপ’; আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ‘দলিলপত্র ফেরত প্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ’; এবং অন্যান্য প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর ‘জিআইএস বেইজড সুপারভিশন অ্যান্ড মনিটরিং সিস্টেম’।

এএইচ/পিএস

Link copied!