• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৬, ২০২৬, ০৪:৪৮ পিএম
পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা

ফাইল ছবি

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্তির জন্য কয়েকজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। 

পাশাপাশি তাদের এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) বা আগ্রহপত্র সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কাছে বিবেচনার জন্য পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বর্তমান পরিচালনা পর্ষদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। 

এর আগে গতকাল বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির ১০৬তম পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।   

ডিএসইর মাধ্যমে কোম্পানি কর্তৃপক্ষ জানায়, কয়েকজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার কোম্পানির পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে ইওআই জমা দিয়েছেন।

পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের আগ্রহপত্রসমূহ নীতিগতভাবে অনুমোদন করে তা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 

কোম্পানি কর্তৃপক্ষ আরও জানায়, আদালতের বিদ্যমান নির্দেশনা এবং প্রযোজ্য আইন অনুসারে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় আদেশ দেওয়ার জন্য আবেদন করা হবে। এটি পরিচালনা পর্ষদে কাউকে তাৎক্ষণিকভাবে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নয়; বরং আদালতের নির্দেশনা ও অনুমোদনের জন্য বিষয়টি উপস্থাপনের একটি প্রক্রিয়াগত সিদ্ধান্ত। ফলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে হাইকোর্ট বিভাগের আদেশের ওপর।

এএইচ/পিএস

Link copied!