ছবি : প্রতিনিধি
ঢাকা: পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার।
সোমবার (৩১ আগস্ট) “বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে অনেক কাজ এখনও বাকি রয়েছে। তবে এ মুহূর্তে ডিএসই ও বিএসইসির নির্দেশনা অনুযায়ী কাজগুলো অত্যন্ত সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।
নুজহাত আনোয়ার বলেন, ‘আমরা হয়তো সবকিছু একদম ভালোভাবে করতে পারিনি। অনেক কাজ করতে পারছি না বা কিছু ক্ষেত্রে পিছিয়েও আছি। তবে বিনিয়োগকারীদের সুরক্ষার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।’
তিনি বলেন, নোট ডাউন লিমিট, সদস্যদের মার্জিন, সিসি (ক্যাশ ক্রেডিট) হিসাব এবং আইপিওসহ পুঁজিবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংশ্লিষ্ট সবাই অত্যন্ত গুরুত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ‘আমাদের মোটামুটি একটি কৌশলগত পরিকল্পনা দাঁড়িয়ে গেছে। সেই দিকনির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। আশা করছি, খুব শিগগিরই আমাদের কৌশল ও পরিকল্পনা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব।’
তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সমন্বিতভাবে কাজ করলেই পুঁজিবাজারে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।
এএইচ/পিএস







































