• ঢাকা
  • রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই কমেছে ১০৪ পয়েন্ট


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৪:২৪ পিএম
শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই কমেছে ১০৪ পয়েন্ট

ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের শেয়ারবাজারে ফের বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নেমেছে ভয়াবহ ধস। একদিনেই প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০৪ পয়েন্ট। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।

স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, রোববার দিন শেষে ডিএসইএক্স ১০৪ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৮ পয়েন্টে নেমে এসেছে। এর আগে গত সপ্তাহে টানা কয়েক দিনের ওঠানামার পর বৃহস্পতিবার সূচক ২ পয়েন্ট বেড়েছিল। বুধবার বেড়েছিল ২৩ পয়েন্ট এবং মঙ্গলবার ৩৯ পয়েন্ট। 

তবে এর আগের দুই কার্যদিবসে বাজার ছিল নিম্নমুখী। সোমবার সূচক কমেছিল ১৬ পয়েন্ট এবং রোববার কমেছিল ৪১ পয়েন্ট। শুধু গত সপ্তাহ নয়, এর আগের সপ্তাহেও পতনের ধারা ছিল স্পষ্ট। ওই সপ্তাহের চার কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার সূচক ১৬ পয়েন্ট বাড়লেও মঙ্গলবার ৩ পয়েন্ট, সোমবার ৭৯ পয়েন্ট এবং রোববার ৬৪ পয়েন্ট কমে। তারও আগের সপ্তাহে টানা ছয় কার্যদিবসের পতনে সূচক হারায় ১৩৪ পয়েন্ট।

২৪ শতাংশ কমেছে লেনদেন: সূচকের বড় পতনের দিনে ডিএসইতে লেনদেনও কমেছে। রোববার মোট ৫৪৫ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭২০ কোটি ৯২ লাখ টাকা। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন কমেছে ১৭৫ কোটি ৬৪ লাখ টাকা, যা প্রায় ২৪ শতাংশ।

৩৮৯ কোম্পানির মধ্যে ৩৪৮টির দরপতন: রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে মাত্র ২০টির বা ৫ দশমিক ১৪ শতাংশের শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে দর কমেছে ৩৪৮টি বা ৮৯ দশমিক ৪৬ শতাংশের। আর ২১টি বা ৫ দশমিক ৪০ শতাংশের দর অপরিবর্তিত ছিল।
অর্থাৎ বাজারে লেনদেন হওয়া প্রায় ৯০ শতাংশ কোম্পানির শেয়ারদরই কমেছে।

সিএসইতেও বড় পতন
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ছিল একই চিত্র। রোববার সিএসইতে ১৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন লেনদেনে অংশ নেওয়া ২০৪টি কোম্পানির মধ্যে ৩০টির দর বেড়েছে, ১৫৭টির কমেছে এবং ১৭টির দর অপরিবর্তিত ছিল।
দিন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭১ পয়েন্ট কমে ১৫ হাজার ২ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সিএসইতে ১৫ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছিল এবং সূচক কমেছিল ১৪ পয়েন্ট।

এএইচ/পিএস

Link copied!