ছবি : সংগৃহীত
ঢাকা: সৌদি আরবের দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যার দিকে এই হামলা হয়েছে বলে জানা গেছে।
এ হামলায় একজন ভারতীয় ও একজন সৌদি নাগরিক নিহত হওয়ার খবর সংবাদমাধ্যমে এসেছে।
আহতদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, এক সৌদি ও এক নেপালি নাগরিক রয়েছেন বলে সৌদি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশের আহত দুই প্রবাসী হলেন- কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম।
তাদের পরিচয়ের তথ্য দিয়ে বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আহতরা বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার ভোর রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দাম্মামের বাদশা ফাহাদ বিমানবন্দরে এ হামলা হয়।
পিএস







































