• ঢাকা
  • রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৪০০ কোটি টাকার বন্ড ছাড়বে আইপিডিসি ফাইন্যান্স


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০২৬, ০৪:৫১ পিএম
৪০০ কোটি টাকার বন্ড ছাড়বে আইপিডিসি ফাইন্যান্স

ফাইল ছবি

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড ও গ্রিন জিরো-কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ২০০ কোটি টাকার অসুরক্ষিত সাবঅর্ডিনেটেড বন্ড এবং ২০০ কোটি টাকার গ্রিন জিরো-কুপন বন্ড রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি বেসরকারি প্লেসমেন্টের মাধ্যমে এসব বন্ড ইস্যু করবে। চলমান অর্থায়নের চাহিদা পূরণ এবং ভবিষ্যতে মূলধন পর্যাপ্ততা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

কোম্পানির তথ্য অনুযায়ী, নন-কনভার্টিবল সাবঅর্ডিনেটেড বন্ডটি টিয়ার-২ মূলধন হিসেবে গণ্য হবে। এর মেয়াদ হবে ছয় বছর। অন্যদিকে, গ্রিন জিরো-কুপন বন্ডের মেয়াদ পাঁচ বছর। তবে বন্ড ইস্যুর জন্য বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।

এদিকে, একই সভায় কোম্পানিটির ১৬তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর সকাল ৯টায় ভার্চুয়াল মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

ইজিএমে কোম্পানির সংঘস্মারকে নতুন উদ্দেশ্যসংক্রান্ত ধারা সংযোজন, সংঘবিধিতে নতুন ধারা যুক্ত করা এবং কোরামসংক্রান্ত বিদ্যমান বিধান সংশোধনের প্রস্তাব অনুমোদনের জন্য শেয়ারহোল্ডারদের সামনে উপস্থাপন করা হবে। এসব পরিবর্তন কার্যকর করতে শেয়ারহোল্ডার ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে।

এসএইচ 

Link copied!