ছবি: প্রতিনিধি
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে নারী শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে আসনসংকট নিরসনে পৃথক ছাত্রী পাঠকক্ষ চালু করা হয়েছে। রোববার দুপুর ১২টায় কলেজের শহীদ তৌহিদুল ইসলাম কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের নিচতলায় নামফলক উন্মোচন, ফিতা কাটা ও দোয়া মোনাজাতের মাধ্যমে নতুন এই পাঠকক্ষের উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ।
উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নূর মোহাম্মদ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জি এম শহীদুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুস সালাম এবং ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কামরুননেছা। এ ছাড়া কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরাও এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে এই কলেজে কর্মরত থাকা এবং স্থানীয় হওয়ার সুবাদে কলেজের বিভিন্ন সমস্যা সম্পর্কে তিনি অবগত আছেন। নানা সীমাবদ্ধতা ও সীমিত সামর্থ্যের মধ্যেও ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ চালু করা সম্ভব হয়েছে। বিএম কলেজের শিক্ষার্থীদের উন্নত মানসিকতা ও মেধার বিকাশে কলেজ প্রশাসন বদ্ধপরিকর। তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে পাঠকক্ষে আধুনিক ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে। পাশাপাশি পাঠকক্ষটিকে সেমিনার ও কর্মশালা আয়োজনের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
এ সময় গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী পিয়াংকা বলেন, নারী শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে এমন উদ্যোগ গ্রহণ করায় তাঁরা অত্যন্ত আনন্দিত। এজন্য কলেজ প্রশাসনকে বিশেষ ধন্যবাদ জানিয়ে তিনি এটিকে একটি প্রশংসনীয় উদ্যোগ বলে অভিহিত করেন।
নতুন পাঠকক্ষ চালুর ফলে সাধারণ শিক্ষার্থীরাও সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এই উদ্যোগ নারী শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করার পাশাপাশি লাইব্রেরিতে আসনসংকট কিছুটা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসএইচ







































