• ঢাকা
  • রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জামিনে বেরিয়ে আসামিদের হুমকি, আতঙ্কে বাদী ও সাক্ষীরা


নেত্রকোনা প্রতিনিধি নভেম্বর ১, ২০২৬, ০৩:৫৫ পিএম
জামিনে বেরিয়ে আসামিদের হুমকি, আতঙ্কে বাদী ও সাক্ষীরা

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় শিশু জান্নাতুল হত্যা মামলার বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ মামলায় গ্রেপ্তার হওয়া আসামিরা জামিনে মুক্ত হয়ে এই হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন নিহতের বাবা ও মামলার বাদী আর্শাদ মিয়া। একই সঙ্গে মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

রোববার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে নিহতের মা ইয়াসমীন আক্তার, পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আর্শাদ মিয়া জানান, শিশু জান্নাতুল হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামিরা বর্তমানে জামিনে রয়েছেন। জামিনে মুক্ত হওয়ার পর থেকেই তারা মামলা তুলে নিতে এবং সাক্ষ্য না দিতে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এর ফলে মামলার বাদী ও সাক্ষীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। এছাড়া মামলা দায়েরের দীর্ঘ সময় পার হলেও তদন্তকাজে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় তাঁরা ন্যায়বিচার পাওয়া নিয়ে গভীর শঙ্কায় আছেন।

সংবাদ সম্মেলন থেকে শিশু জান্নাতুল হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত সম্পন্ন করে এর সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়। পাশাপাশি মামলার বাদী, তাঁর পরিবার এবং সাক্ষীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ মে বিকালের দিকে শিশু জান্নাতুল নিখোঁজ হয়। এর দুদিন পর ৬ মে সকালে উপজেলার কৈলাটি ইউনিয়নের হুগলী গ্রামের একটি ধানখেত থেকে মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ওই দিনই শিশুটির বাবা আর্শাদ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

এসএইচ 

Link copied!