• ঢাকা
  • শনিবার, ০২ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাদরাসা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে বয়স শিথিলের সুযোগ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৬:৫৫ পিএম
মাদরাসা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে বয়স শিথিলের সুযোগ

ঢাকা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় বয়স শিথিলের সুযোগ দিয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বোর্ডের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন শুরু হবে আগামী ৫ অক্টোবর থেকে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের আওতাধীন স্বীকৃতিপ্রাপ্ত ও পাঠদানের অনুমতিপ্রাপ্ত দাখিল/আলিম এবং ইসলামি ও আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল/কামিল পর্যায়ের মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারসহ সংশ্লিষ্টদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন অনলাইনে e-SIF পদ্ধতিতে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

নির্দেশাবলি অনুযায়ী, ২০২৫ সালের ১লা জানুয়ারি অনুযায়ী শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন ১৪ বছর এবং সর্বোচ্চ ২০ বছর হতে হবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স-সীমা ১৪ থেকে ২৫ বছর পর্যন্ত। ৮ম শ্রেণিতে রেজিস্ট্রেশন না করা শিক্ষার্থীরাও প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে সরাসরি ৯ম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারবে।

রেজিস্ট্রেশনের সময় বোর্ড কর্তৃক সরবরাহকৃত প্রতিষ্ঠানের EIIN ভিত্তিক মোবাইল সিম ব্যবহার করতে হবে। শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেয়ার সময় অবশ্যই তার ব্যক্তিগত বা অভিভাবকের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। একাধিক শিক্ষার্থীর জন্য একই মোবাইল নম্বর ব্যবহার করা যাবে না।

অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত নেওয়া হবে। বিলম্বের ক্ষেত্রে ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।

এসএইচ 

Link copied!