রমজান উপলক্ষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে দীর্ঘ ছুটি। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোর বন্ধের সময়সূচিতে কিছু পার্থক্য রয়েছে।
নিচে প্রতিষ্ঠানভিত্তিক ছুটির বিস্তারিত তুলে ধরা হলো—
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে। ছুটি চলবে ২৬ মার্চ পর্যন্ত।
তবে ২৬ মার্চ (স্বাধীনতা দিবস) শেষে ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক বন্ধ (শুক্র ও শনিবার) থাকায় কার্যত শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগ করবেন। শ্রেণি কার্যক্রম শুরু হবে ২৯ মার্চ (রোববার) থেকে।
কলেজ (সরকারি ও বেসরকারি)
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী কলেজগুলোতে ছুটি শুরু হয়েছে ১৮ ফেব্রুয়ারি থেকে।
* ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন ক্লাস বন্ধ থাকবে।
* ২৬ মার্চ (স্বাধীনতা ও জাতীয় দিবস) এক দিনের সরকারি ছুটি।
* ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক বন্ধ।
ফলে কলেজে ক্লাস পুনরায় শুরু হবে ২৯ মার্চ থেকে।
এ বছর কলেজগুলোর অন্যান্য বড় ছুটি:
ঈদুল আজহা: ২৪ মে – ৫ জুন (১০ দিন)
দুর্গাপূজা ও সংশ্লিষ্ট ছুটি: ১৮ – ২৯ অক্টোবর (১০ দিন)
শীতকালীন ছুটি: ১৭ – ৩১ ডিসেম্বর (১১ দিন)
প্রতিষ্ঠানের প্রধানদের জন্য সংরক্ষিত ছুটি: ৩ দিন
মাদ্রাসা
মাদ্রাসাগুলোতে ছুটি শুরু হয়েছে ১১ ফেব্রুয়ারি থেকে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১–১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর সাপ্তাহিক বন্ধ এবং রমজানের ছুটি মিলিয়ে টানা বন্ধ চলছে।
ছুটি চলবে মার্চ মাসের শেষ পর্যন্ত। ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক বন্ধ থাকায় শ্রেণি কার্যক্রম শুরু হবে ২৯ মার্চ থেকে।
মোট প্রায় ৪৬ দিনের দীর্ঘ ছুটিতে শহিদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসসহ গুরুত্বপূর্ণ দিনগুলো অন্তর্ভুক্ত থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ
জাতীয় বিশ্ববিদ্যালয়–এর অধিভুক্ত কলেজগুলোতেও ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত ছুটি চলছে। ২৯ মার্চ থেকে ক্লাস শুরু হবে।
পাবলিক বিশ্ববিদ্যালয়
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো ছুটি ঘোষণা করা হয়নি। ক্লাস ও পরীক্ষা স্বাভাবিকভাবে চলছে।
রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটির মেয়াদ ভিন্ন হলেও অধিকাংশ ক্ষেত্রেই ২৯ মার্চ থেকে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে।
এম







































