• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারতে জীবন-মৃত্যুর লড়াইয়ে বাকৃবি শিক্ষার্থী ও সাংবাদিক জীম   


বাকৃবি প্রতিনিধি মার্চ ৩, ২০২৬, ০২:৩১ পিএম
ভারতে জীবন-মৃত্যুর লড়াইয়ে বাকৃবি শিক্ষার্থী ও সাংবাদিক জীম   

ছবি: প্রতিনিধি

ভারতের একটি ট্রেনের টয়লেট থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়–এর (বাকৃবি) শিক্ষার্থী ও সাংবাদিক তানিউল করিম জীমকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি কলকাতার মেনিপল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। গত ১ মার্চ ভারতের বেঙ্গালুরু থেকে কলকাতা ফেরার পথে এ ঘটনা ঘটে।

তানিউল করিম জীম বাকৃবি সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)–এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের স্নাতকোত্তর থিসিসের শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি মেডিকেল ভিসা নিয়ে চাচার সঙ্গে ভারতে যান জীম। ১ মার্চ সকালে বেঙ্গালুরু থেকে চাচার সঙ্গে ট্রেনে করে কলকাতায় আসার পথে ট্রেনের ভেতরেই তিনি নিখোঁজ হন। দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা খোঁজাখুঁজির পর ট্রেনের টয়লেট থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

ট্রেনটি কলকাতায় পৌঁছালে প্রথমে তাঁকে হাওড়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যান রিপোর্টে তাঁর মাথার পেছনে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে মনিপাল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চাচা ছাড়া বর্তমানে তাঁর পাশে আর কেউ নেই। চিকিৎসকদের বরাত দিয়ে তাঁর চাচা বলেন, ৪৮ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত জীমের জ্ঞান ফেরেনি। জ্ঞান ফেরার পর শারীরিক অবস্থা পর্যালোচনা করে অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ঘটনায় গভীর উৎকণ্ঠা প্রকাশ করেছেন তাঁর পরিবার, সহকর্মী ও বাকৃবিয়ানরা। পরিবারের অন্য সদস্যদের কারও ভিসা না থাকায় এই সংকটময় মুহূর্তে তাঁরা জীমের পাশে থাকতে পারছেন না। ভারতে অবস্থানরত বাংলাদেশিদের কাছে পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন পরিবার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এদিকে ছেলের চিকিৎসার সময় পাশে থাকতে দ্রুত ভিসার জন্য ভারতের হাই কমিশন ও বাংলাদেশ সরকারের সহায়তা চেয়েছেন জীমের ছোট ভাই তানিউল করিম মিম। তিনি বলেন, মানবিক দিক বিবেচনা করে দ্রুত ভিসার ব্যবস্থা করা হলে পরিবারের সদস্যরা তাঁর পাশে থাকতে পারবেন।

দেশবাসীর কাছে জীমের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তাঁর পরিবার ও সহকর্মীরা। উন্নত চিকিৎসা পেলে তিনি দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন-এমন আশাবাদ তাঁদের।

এসএইচ 

Wordbridge School
Link copied!