• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টাকা ফেরত পাচ্ছেন ৮৬ হাজার শিক্ষক


নিজস্ব প্রতিবেদক মার্চ ১২, ২০২৬, ০১:০৬ পিএম
টাকা ফেরত পাচ্ছেন ৮৬ হাজার শিক্ষক

ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগে শিক্ষকতার অভিজ্ঞতা ১৮ বছর করার সিদ্ধান্ত নিয়ে নীতিমালা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ পরিবর্তনের ফলে আগের আবেদনগুলো বাতিল হয়ে গেছে। এতে প্রায় ৮৬ হাজার শিক্ষকের জমা দেওয়া আবেদন ফি ৩৫০ টাকা করে ফেরত দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্র জানিয়েছে, নীতিমালায় শিক্ষকতার অভিজ্ঞতার ক্ষেত্রে বড় পরিবর্তন আনার কারণে স্বয়ংক্রিয়ভাবে আগের আবেদন বাতিল হয়ে যাবে। আবেদন বাতিল হলে আবেদনকারীদের ফি ফেরত দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কী প্রক্রিয়ায় অর্থ ফেরত দেওয়া হবে তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে অর্থ ফেরত দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে বৃহস্পতিবার আলোচনা করা হবে। আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যেহেতু অভিজ্ঞতার শর্ত পরিবর্তন হয়েছে, সে কারণে আগের আবেদন বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। আবেদন বাতিল হলে ফি ফেরত দিতে হবে। 

এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিষয়টি নিয়ে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় একটি সভা ডাকা হয়েছে। এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা–২০২৬ আয়োজনের লক্ষ্যে পরীক্ষা গ্রহণ কমিটির তৃতীয় সভা সংস্থার চেয়ারম্যানের সভাপতিত্বে এনটিআরসিএর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

এনটিআরসিএ সূত্র জানিয়েছে, সভায় ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আলোচনা করা হবে। পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নকারী ও পরিশোধনকারীদের তালিকা চূড়ান্ত করা এবং প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনের জন্য সেমিনার বা প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!