• ঢাকা
  • বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যে কারণে বেসরকারি স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৪, ২০২৬, ০৭:৪৪ পিএম
যে কারণে বেসরকারি স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

ফাইল ছবি

ঢাকা: বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক স্বল্পতা দূর করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। অভিজ্ঞ এবং শারীরিকভাবে সক্ষম অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে উপজেলাভিত্তিক একটি ‘শিক্ষক পুল’ গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই পুল থেকে সাময়িকভাবে শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম সচল রাখা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষক সংকট এবং এনটিআরসিএ-র মাধ্যমে শিক্ষক নিয়োগে দীর্ঘসূত্রতার কারণে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে।

এই সমস্যা সমাধানেই জেলা প্রশাসকদের (ডিসি) উপজেলাভিত্তিক অবসরপ্রাপ্ত শিক্ষক পুল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
 
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরামর্শে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির অনুমোদন নিয়ে প্রয়োজন অনুযায়ী সাময়িকভাবে শিক্ষক নিয়োগ করা যাবে। এই শিক্ষকদের সম্মানী দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের ‘অত্যাবশ্যকীয় খাত’ থেকে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককেও নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক সংকট ও এনটিআরসিএর শিক্ষক নিয়োগে দেরির কথা বললেও এই সংকট মানতে নারাজ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিষয়টা একটু বলি, এই নিয়োগ (অবসরপ্রাপ্ত শিক্ষক) শিক্ষক সংকট বা নিয়োগে বিলম্বের কারণে না।

তিনি বলছেন, যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিও পদ ফাঁকা না থাকে, কিন্তু সেখানে অতিরিক্ত শিক্ষক প্রয়োজন। সেক্ষেত্রে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুল থেকে নিয়োগ দেওয়া যাবে।

একইসঙ্গে শিক্ষক নিয়োগ দিতে এনটিআরসিএর দেরি হয় না বলেও দাবি করেন তিনি।
 
অন্যদিকে, শিক্ষাবিদ ও শিক্ষক নেতারা সরকারের এই সিদ্ধান্তকে ভালো উদ্যোগ বলেই মন্তব্য করছেন। তবে, এই উদ্যোগ কার্যকর কিভাবে করা যাবে এবং রাজনৈতিক নিয়োগ পরিহার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানী দেওয়ার সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদরা।

গত ৮ এপ্রিল জাতীয় সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শূন্য রয়েছে ৬০ হাজার ২৯৫টি শিক্ষক পদ। দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৩৪ হাজার ১২৯টি।

গত জানুয়ারিতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে নিবন্ধিত প্রার্থীদের নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ। ওই সময় ১১ হাজার ৭১৩ জন প্রার্থী ৬৭ হাজার ২০৮টি শিক্ষক ও প্রভাষক পদের বিপরীতে নিয়োগের সুপারিশ পেয়েছিলেন।

এরপরেও বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৫ হাজার ৪৯৫টি পদ শূন্য রয়ে গিয়েছিল। শূন্য পদের এই পরিসংখ্যানই শিক্ষক সংকট তুলে ধরেছে।

এসআই

Link copied!