• ঢাকা
  • রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিক্ষার্থীকে ফেলে দেওয়ার অভিযোগে ‘নীলাচল’ পরিবহনের বাস আটক


ঢাকা কলেজ প্রতিনিধি  এপ্রিল ১৯, ২০২৬, ০৪:৪৭ পিএম
শিক্ষার্থীকে ফেলে দেওয়ার অভিযোগে ‘নীলাচল’ পরিবহনের বাস আটক

ছবি : প্রতিনিধি

ঢাকা: ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগে রাজধানীর ‘নীলচল’ পরিবহনের চারটি বাস আটক করেছে কলেজের শিক্ষার্থীরা।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে কলেজের সামনে থেকে বাসগুলো আটক করা হয়। পরে আটককৃত বাসগুলোকে নায়েমের গলিতে নিয়ে আসা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল নীলাচলের বাস থেকে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে কলেজের এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাস আটক করেছেন শিক্ষার্থীরা।

আটক নীলাচল পরিবহনের একটি বাসের চালক বলেন, আমাদের রাস্তা থেকে বাস আটকিয়ে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী নায়েমের গলিতে বাস নিয়ে যেতে বলেছে। কেন বাস আটক করেছে আমরা কিছু বলতে পারিনা। শুনেছি গতকাল এক শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়া হইছে।

এ বিষয়ে নায়েমের গলিতে বাস আটকারী শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাইলে সেখানে কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, বাস আটকের বিষয়টি শুনেছি। নিউমার্কেট থানা পুলিশকে অবহিত করেছি। তারা বিষয়টি দেখছে। ঢাকা কলেজের কোন শিক্ষার্থী বাস আটকের সাথে জড়িত খোঁজ খবর নিচ্ছি। পুলিশের পাশাপাশি কলেজ প্রশাসন থেকে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

এ বিষয়ে নিউমার্কেট থানার ওসি মো. আইয়ুব আলী বলেন,  শিক্ষার্থীদের সাথে যেন পরিবহন শ্রমিকদের কোনো ঝামেলা না হয়, সেজন্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়েছিলো, পরবর্তীতে কলেজ প্রশাসন ও পরিবহন মালিকের মাধ্যমে সমন্বয় করে, উক্ত সমস্যার সমাধান করা হয়। শিক্ষার্থীদের দাবি ছিল যেন বাস থেকে নামার সময় কাউকে ফেলে দেওয়া না হয়, তাদের সাথে যেন ভালো আচরণ করা হয়।

পিএস

Link copied!