ছবি: সংগৃহীত
হাম রোগের চিকিৎসা ব্যবস্থাপনায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সরকারি বরাদ্দ পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, হাসপাতালটি সরকারি হলেও এটি সংবিধিবদ্ধ একটি প্রতিষ্ঠান। আগে বছরে ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো, এবার তা কমে ২৮ কোটি টাকায় এসেছে। এ অর্থ দিয়ে পুরো হাসপাতাল পরিচালনা করা সম্ভব নয়। তিনি জানান, হাসপাতালে ৭০০টি শয্যা রয়েছে, এর মধ্যে ২৫০টি বিনামূল্যে চিকিৎসার জন্য নির্ধারিত। বাকি শয্যায় রোগীদের খরচ বহন করতে হয়।
তিনি আরও বলেন, হাম রোগের চিকিৎসা পরিস্থিতি পর্যালোচনা করতেই তিনি হাসপাতাল পরিদর্শনে যান। সারা দেশ থেকে রোগীরা এখানে আসছেন, কিন্তু চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। অনেক রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন, যার পরিণতি অনিশ্চিত।
হাসপাতালে আইসিইউ স্থাপন করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শিশুদের জন্য শয্যা সংখ্যা বাড়ানোর সুযোগ রয়েছে। এটি দুই হাজারে উন্নীত করা গেলে জনস্বাস্থ্যে বড় স্বস্তি আসবে।
জামায়াত আমির আরও বলেন, হাসপাতালের সক্ষমতা বাড়াতে সরকারের আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে হাসপাতালের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
এসএইচ







































