• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

একদিনে ডেঙ্গু আর হামে প্রাণ গেল ১৫ জনের


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৩, ২০২৬, ০৪:৩০ পিএম
একদিনে ডেঙ্গু আর হামে প্রাণ গেল ১৫ জনের

ফাইল ছবি

ঢাকা: দেশে মশাবাহিত রোগ ডেঙ্গু আর হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের এবং হাম উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। আর হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২১৩ শিশু।

ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৪৬৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯১ জন, খুলনা বিভাগে ২৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন, রাজশাহী বিভাগে ১৮৪ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন।

চলতি বছরের ১৩ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ তিন হাজার ৩৯৬ জন। চলতি বছরে এ যাবত মোট ৯৭ হাজার ২৯৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেম দুই হাজার ৯৬৫ জন।

হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাম ও উপসর্গে আক্রান্তদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩৯ জন। আর সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ৭৪ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৯৫ জন, চট্টগ্রামে ২৪৬, সিলেটে ১৪২, বরিশালে ১৩২, খুলনায় ১২৬, ময়মনসিংহে ৭২, রাজশাহীতে ৩৭ এবং রংপুরে ২৪ জন রয়েছেন।

অন্যদিকে, নিশ্চিত হামে আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৬৩ জন, চট্টগ্রামে ৬৭ জন এবং খুলনায় ৯ জন শনাক্ত হয়েছেন।

হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে ঢাকা বিভাগে তিনজন, সিলেটে একজন এবং চট্টগ্রামে দুজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৬৬ জন।

এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৭১২ জনে। অন্যদিকে হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ৭ হাজার ৩৭১ জনের মধ্যে।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।

পিএস

Link copied!