• ঢাকা
  • সোমবার, ০২ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধের আহ্বান সৌদিসহ ৬ দেশের


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২, ২০২৬, ১২:১২ পিএম
ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধের আহ্বান সৌদিসহ ৬ দেশের

ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের পর ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরবসহ ছয় ইসলামী দেশের জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। একইসঙ্গে জোটটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন হলে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। খবর বিবিসি। দেশগুলো ইরানকে মধ্যপ্রাচ্যে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে।

রোববার (১ মার্চ) জিসিসির সদস্য দেশগুলোর এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেওয়া দেশগুলো দাবি করেছে, সাম্প্রতিক ইরানি হামলায় সদস্য রাষ্ট্রগুলোর বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযোগ করা হয়, এসব হামলায় বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করা হয়েছে।

জিসিসির সদস্য দেশগুলো হলো, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার এবং কুয়েত।

এক বিবৃতিতে জিসিসি ইরানের বিরুদ্ধে সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে। একইসঙ্গে তারা ইরানকে অবিলম্বে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়ে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে।

এর আগে পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলাকালে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এতে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত হয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

হামলার পরপরই ইরান পাল্টা প্রতিক্রিয়ায় ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ব্যবহৃত ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। এর ফলে ইসরাইলের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

পিএস

Wordbridge School
Link copied!