• ঢাকা
  • বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যুক্তরাষ্ট্রে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার ডাক


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ৮, ২০২৬, ১০:০৪ এএম
যুক্তরাষ্ট্রে  ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার ডাক

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ আবারও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের দাবি তুলেছেন। তার মতে, ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা পরিস্থিতির কোনো বাস্তব পরিবর্তন আনতে পারেনি।

সম্প্রতি ট্রাম্প এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ইরানকে লক্ষ্য করে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। ডেডলাইনের শেষ মুহূর্তে দেওয়া ওই বার্তায় তিনি একটি সভ্যতা ধ্বংসের ইঙ্গিত দেন, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে উত্তেজনা বাড়ার আগেই ট্রাম্প প্রশাসন দেশের ভেতরে জনপ্রিয়তা হারাতে শুরু করেছিল। দীর্ঘমেয়াদি সামরিক ব্যয়, অর্থনীতির ওপর চাপ এবং বিতর্কিত নীতিনির্ধারণ—সব মিলিয়ে জনগণের একাংশ তার বিরুদ্ধে অবস্থান নেয়।

এই প্রেক্ষাপটে গত মাসে “নো কিংস” নামে একটি বড় আন্দোলন অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, প্রায় ৮০ লাখ মানুষ এতে অংশ নেন, যা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে বিরল জনসমাগম হিসেবে বিবেচিত হচ্ছে।

ওকাসিও-কর্তেজ তার বক্তব্যে বলেন, প্রেসিডেন্টের বক্তব্য শুধু রাজনৈতিক নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, ট্রাম্প ইরানের জনগণের বিরুদ্ধে হুমকি দিয়ে পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছেন।

তিনি আরও সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও বিশ্ব—উভয়ই ঝুঁকির মুখে রয়েছে। তাই কংগ্রেস বা মন্ত্রিসভা—যে কোনো সাংবিধানিক উপায়ে প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানোর উদ্যোগ নেওয়া উচিত।

এর আগেও ডেমোক্র্যাট দলের একাধিক আইনপ্রণেতা একই দাবি তুলেছিলেন। যুদ্ধবিরতির ঘোষণা এলেও তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বলে জানা গেছে।

এম

Link copied!