• ঢাকা
  • মঙ্গলবার, ১২ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লেবাননে ইসরাইলি হামলায় ২ বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার


আন্ত মে ১২, ২০২৬, ০৮:১১ পিএম
লেবাননে ইসরাইলি হামলায় ২ বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার

ফাইল ছবি

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে মন্ত্রণালয়।

লেবাননে চলমান সংঘাতে প্রাণ হারানো এই দুই বাংলাদেশি হলেন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং একই জেলার আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। দূতাবাস কর্তৃপক্ষ নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ওই অঞ্চলে চলমান সহিংসতা এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

এর আগে গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দিপালী নামে আরও এক বাংলাদেশি নারী নিহত হয়েছিলেন। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর শালেপুর গ্রামের বাসিন্দা ছিলেন। নতুন করে দুই বাংলাদেশির নিহতের ঘটনায় লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

এসএইচ 

Link copied!