যুক্তরাষ্ট্র ও তেহরান একটি শান্তি চুক্তিতে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর তেলের দাম ৪ শতাংশ কমেছে। সোমবার (১৫ জুন) সকালে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গণমাধ্যমটি জানায়, ০০:০৪ জিএমটি নাগাদ ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ৩.৫৮ ডলার বা ৪.১০% কমে ৮৩.৭৫ ডলারে নেমে আসে এবং ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪.০১ ডলার বা ৪.৭২% কমে ৮০.৮৭ ডলারে দাঁড়ায়। শুক্রবার দুটির দামই ৩%-এর বেশি কমে গিয়েছিল।
এদিকে দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত ও তীব্র কূটনীতির অবসান ঘটিয়ে অবশেষে একটি ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রোববার (১৪ জুন) যৌথভাবে এই ঘোষণা দেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমেও একযোগে এই ঘোষণা সম্প্রচার করা হয়।
চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পূর্ণ। সবাইকে অভিনন্দন! আমি এতদ্বারা হরমুজ প্রণালি সম্পূর্ণ টোলমুক্তভাবে উন্মুক্ত করার এবং একই সঙ্গে মার্কিন নৌ-অবরোধ অবিলম্বে প্রত্যাহারের পূর্ণ অনুমোদন দিচ্ছি। বিশ্বের জাহাজসমূহ, তোমাদের ইঞ্জিন চালু করো। তেল প্রবাহিত হতে দাও!’
ট্রাম্পের এই ঘোষণার কয়েক মিনিট আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রায় একই ধরনের একটি ঘোষণা দেন। শাহবাজ জানান, ‘নিবিড় আলোচনার পর আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমেরিকা এবং ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে।’
তিনি আরও যোগ করেন যে, উভয় পক্ষই লেবাননসহ সমস্ত ফ্রন্টে তাৎক্ষণিক এবং স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে এই চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সময়ে চুক্তি বাস্তবায়নের পূর্ববর্তী কিছু আলোচনা অনুষ্ঠিত হবে।
এম






-6858f6a403079-6a2d0660cbff5-20260615023501.jpg)
































