• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বর্ণের দামে বড় পতন


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১৬, ২০২৬, ০৭:৫৩ পিএম
স্বর্ণের দামে বড় পতন

ফাইল ছবি

ঢাকা: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে তেলের দাম ও মার্কিন ট্রেজারি বন্ডের ফলন বেড়ে যাওয়ায় স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়তে পারে—এমন প্রত্যাশাও স্বর্ণবাজারে বিক্রির চাপ বাড়িয়েছে।

বাজার তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১ দশমিক ১৭ ডলারে নেমে এসেছে। দিনের এক পর্যায়ে দাম প্রায় ২ শতাংশ পর্যন্ত কমে যায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্সের দাম ১ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪ হাজার ৫ দশমিক ২০ ডলারে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় তেলের দাম বেড়েছে। এতে মূল্যস্ফীতির চাপ দীর্ঘস্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে—এমন প্রত্যাশা জোরদার হয়েছে। উচ্চ সুদের পরিবেশে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা সাধারণত কমে যায়।

টিডি সিকিউরিটিজের বৈশ্বিক পণ্য কৌশল বিভাগের প্রধান বার্ট মেলেক বলেন, তেলের দাম বাড়তে থাকায় মার্কিন বন্ডের ফলনও বাড়ার সম্ভাবনা রয়েছে। এমনকি আগামী সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করছে।

এদিকে, সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ফেড সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনা এখন প্রায় ৫৬ শতাংশ হিসেবে বিবেচনা করছেন বাজারের অংশগ্রহণকারীরা।

শুধু স্বর্ণই নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট সিলভার ২ দশমিক ৮ শতাংশ, প্যালাডিয়াম ২ দশমিক ৭ শতাংশ এবং প্লাটিনাম শূন্য দশমিক ৯ শতাংশ দর হারিয়েছে।

পিএস

Link copied!