ফাইল ছবি
ঢাকা: আফগানিস্তানের হেলমান্দ ও কুনার প্রদেশে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের দাবি, সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে পৃথক দুটি হামলায় ২২ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। তবে আফগানিস্তানের তালেবান সরকারের দাবি, এসব হামলায় নারী ও শিশুসহ নয়জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দেশটির তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, অপারেশন গজব লিল-হক-এর আওতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগানিস্তানের দুটি স্থানে সন্ত্রাসী ক্যাম্প ও আস্তানায় হামলা চালানো হয়। এতে ফিতনা আল-খাওয়ারিজ, ফিতনা আল-হিন্দুস্তান ও তাদের সহযোগীদের লক্ষ্যবস্তু করা হয়।
পাকিস্তানের দাবি, হামলায় সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং প্রাথমিক হিসাবে ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। আস্তানাগুলোতে মজুত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস করা হয়েছে।
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় আরও জানায়, আফগানিস্তান থেকে পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি হচ্ছে। তবে হামলায় বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছিল বলে দাবি করেছে ইসলামাবাদ।
২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে আন্তসীমান্ত সন্ত্রাসী হামলা বেড়েছে বলে দাবি করে আসছে ইসলামাবাদ। পাকিস্তান বারবার কাবুলকে তাদের ভূখণ্ড ব্যবহার করে হামলা চালানো বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে পাকিস্তানের এসব অভিযোগ অস্বীকার করে আসছে আফগান কর্তৃপক্ষ।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান অপারেশন গজব লিল-হক শুরু করে। দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনার পর ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি হলেও জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ে এখনো দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে।
সূত্র: জিও নিউজ
এসআই







































