ফাইল ছবি
ভারতীয় চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী রাইমা সেন দীর্ঘ দিন ধরেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকহৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, বিয়ে এবং মাতৃত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন সুচিত্রা সেনের এই নাতনি।
চল্লিশোর্ধ্ব বয়সে এসে বিয়ের প্রতি আর কোনো তাগিদ অনুভব করছেন না বলে জানান রাইমা। মনের মতো সঙ্গী না পাওয়া এবং বর্তমান বাস্তবতায় বিয়ে ও সম্পর্ক নিয়ে নানা সংশয়ের কথাও তুলে ধরেন তিনি। তবে সন্তান নেওয়ার প্রসঙ্গে এই অভিনেত্রী জানান, তিনি শিশুদের ভীষণ ভালোবাসেন। ভবিষ্যতে মা হওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে তিনি আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করে রেখেছেন। রাইমার মতে, শুধু সন্তান লালন-পালনের জন্য বিয়ে করা মোটেও প্রয়োজনীয় নয়।
মেয়ে রাইমা সেনের সিঙ্গেল থাকা নিয়ে একসময় মা মুনমুন সেনের মনে দুশ্চিন্তা থাকলেও তা এখন পুরোপুরি বদলে গেছে। বর্তমান সমাজ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনি রাইমাকে বিয়ের জন্য কোনো চাপ দিচ্ছেন না। বরং ভবিষ্যতে কখনো একাকিত্ব বোধ হলে অনেকগুলো পোষ্য প্রাণী দত্তক নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
উল্লেখ্য, বর্তমানে ৪৭ বছর বয়সী এই ব্যস্ত অভিনেত্রীকে শিগগিরই জয়দীপ মুখোপাধ্যায়ের সিনেমা ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’-এ দেখা যাবে। ছবিটিতে অনির্বাণ চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছেন রাইমা।
এসএইচ







































